ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্যমূল্যের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ঢাকার ধামরাইয়ের খামারিরা। এ সময় সড়কে ডিম ভেঙে প্রতিবাদ জানান তারা।
সোমবার (২৯ জুন) দুপুরে ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই পোল্ট্রি উন্নয়ন সমবায় সমিতির ব্যানারে এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় খামারিরা মহাসড়কের ওপর দাড়িয়ে শত শত ডিম ভেঙে বাজারে ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্যমূল্যের দাবি জানান।
মানববন্ধনে খামারিরা জানায়, পোল্ট্রি ফিড এবং ওষুধের দাম প্রতিনিয়ত বাড়লেও করপোরেট সিন্ডিকেটের কারণে বাজারে ডিম ও মুরগির সঠিক দাম বাড়ছে না। উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রি করতে গিয়ে সাধারণ খামারিরা এখন দেউলিয়া হওয়ার মুখে।
তারা আরও বলেন, করপোরেট কোম্পানিগুলো কৃত্রিমভাবে বাজার নিয়ন্ত্রণ করছে। ফলে খামারিদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। বড় কোম্পানিগুলো খামারিদের বিরুদ্ধে চক্রান্ত করছে তাদের পথে বসাতে। দ্রুত সময়ের মধ্যে ফিডের দাম না কমালে এবং ডিম-মুরগির ন্যায্য মূল্য নিশ্চিত করা না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ধামরাই পোল্ট্রি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন বলেন, ফিড ও ওষুধের দাম লাগামহীন। অথচ ডিম-মুরগির সঠিক দাম ভুক্তভোগী খামারিরা পাচ্ছে না। করপোরেট সিন্ডিকেটের কারণেই আজ প্রান্তিক খামারিরা ধ্বংসের মুখে। দ্রুত ডিম-মুরগির ন্যায্যমূল্য নিশ্চিত এবং ফিডের দাম কমানোর দাবি তাদের।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ সানা বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলার কোনো অবনতি না ঘটিয়ে কর্মসূচি শেষ করার অনুরোধ জানাই। অবশেষে তারা সুষ্ঠুভাবে সরে পড়েন মহাসড়ক থেকে। প্রতিবাদের পর ফায়ার সার্ভিসের সদস্যরা রাস্তা পরিষ্কার করেন।’
রুহুল/এএফ