অবিভাগীয় ডাক কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে যৌথভাবে কর্মবিরতির ঘোষনা দিয়েছে ডাক কর্মচারীদের কয়েকটি সংগঠন।
সোমবার (২৯ জুন) কর্মসূচী সফল করতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ, মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, ডাক কর্মচারী সমিতি ও ডাক কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা।
দুপুরে শহরের মুক্তি মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ শাখা ডাক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী শেখ।
এসময় স্থানীয় শাখা ডাকঘর কর্মচারীদের মধ্যে বাদল হোসেন, ফিরোজ হোসেন, মাহফুজুর রহমান, ওয়াজেদ আলী বিশ্বাস ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। সভাপতিত্ব করেন শাখা ডাকঘর কর্মচারী মো.ইব্রাহীম খলিল।
বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালনকারী প্রায় ২৩০০০ অবিভাগীয় ডাক কর্মচারী বেতন ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্তিতে চরম বৈষম্যের শিকার। তাদের দৈনিক বেতন মাত্র ১৩৩ থেকে ১৪৮ টাকা। অল্প বেতনে তাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।
আগামী ৫ জুলাইয়ের মধ্যে দাবি মানা না হলে ৬ জুলাই থেকে সারাদেশে ৮০০০ শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুশিয়ারী দেন তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নওগাঁ প্রধান ডাকঘরে গিয়ে কর্মসূচী শেষ করেন এবং একটি স্মারকলিপি প্রদান করেন।
হারুন/এএফ