ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ পুলিশ ধামরাইয়ে মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ার প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর A King and Astrologer বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ৫ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট পরিদর্শনে রেড ক্রিসেন্ট চেয়ারম্যান একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১২৪ হাসপাতালে ভর্তি মিল্টন খন্দকার, দ্রুত অস্ত্রোপচার টাইব্রেকার হলে শুটার বাছবেন জাপান কোচ লালমনিরহাটে পানিবন্দি হাজারো মানুষ নেদারল্যান্ডসের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মরক্কো সাবেক এমপি আশিকা আবারও রিমান্ডে, হত্যা মামলায় গ্রেপ্তার নবী নেওয়াজ শিক্ষা খাতে বাজেট: বিনিয়োগ নাকি দুর্নীতির নতুন সুযোগ? জাপান ম্যাচের আগে ভিনির চোখে জল সিংগাইরে অতিরিক্ত দামে সার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় আরও তিনজন আটক সুমেক হাসপাতাল চালুর দাবিতে ক্লাস বর্জনের অষ্টম দিন, শিক্ষার্থীদের মানববন্ধন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন: মহাবিপর্যয়ের হাতছানি নির্মাতার বিরুদ্ধে যে অভিযোগ তুললেন পারসা ইভানা ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি চট্টগ্রামে শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের আমানতকারীদের স্মারকলিপি চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে নিত্যপণ্যে ছাড় উত্তরায় ইবিয়ানদের প্রথম মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে শিবিরের ৩৬ দিনের কর্মসূচি বিশ্বকাপের ফ্যান জোনে গোলাগুলি, নিহত ১ বাগদান নিয়ে যা বললেন নীহা স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ বিরোধী দলের এমপিদের জন্য বরাদ্দ ২০ কোটি টাকা: মির্জা ফখরুল ফুলগাজীতে গৃহবধূ কাজল হত্যা মামলার প্রধান আসামি  গ্রেপ্তার আরাকান আর্মির হাতে আটক ৫ রোহিঙ্গা মাঝিমাল্লা

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় আরও তিনজন আটক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম
কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় আরও তিনজন আটক
ছবি: খবরের কাগজ

কুমিল্লা নগরীর কাটাবিলে মাদক ব্যবসায়ীদের গুলিতে স্কুলছাত্র আহত হওয়ার ঘটনায় আরও তিনজনকে আটক করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন- ওই এলাকার আসিফ, আশিক ও ইমন। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানের বাবা ইউনুস মিয়ার করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। 

সোমবার (২৯ জুন) বিকেলে কুমিল্লা কোতোয়ালি থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে ওসি জানান, এর আগে এ মামলায় শ্রাবণ নামে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। 

তিনি বলেন, ‘শ্রাবণ সব্বির গ্রুপের সদস্য এবং আসিফ, আশিক ও ইমন অপু গ্রুপের সদস্য। অপু ও সব্বির গ্রুপের সংঘর্ষের জেরেই কাটাবিলে ইথান গুলিবিদ্ধ হয়।’

জানা গেছে, মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে কাটাবিল এলাকায় গত ২৪ জুন রাতে অপু গ্রুপ ও সব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে পরদিন সকালে কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া লোকজন জানান, দুপুরে হঠাৎ অস্ত্রধারী একদল ব্যক্তি মানববন্ধনের আয়োজক ও অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হন। ইথান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার ফুসফুসে গুলি লেগেছে।

গুলিবিদ্ধ ইথান কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। বিদ্যালয়ের শিক্ষকদের ভাষ্য, টিফিনের বিরতিতে ইথান বাসায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়। তার বাবা ইউনুস মিয়া নগরীর সিটি পার্কের একটি রাইডে কর্মরত।

জহির শান্ত/রিফাত/

ধামরাইয়ে মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম
ধামরাইয়ে মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ
ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে মানববন্ধন করার সময় তোলা ছবি। খবরের কাগজ

ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্যমূল্যের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ঢাকার ধামরাইয়ের খামারিরা। এ সময় সড়কে ডিম ভেঙে প্রতিবাদ জানান তারা।

সোমবার (২৯ জুন) দুপুরে ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই পোল্ট্রি উন্নয়ন সমবায় সমিতির ব্যানারে এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় খামারিরা মহাসড়কের ওপর দাড়িয়ে শত শত ডিম ভেঙে বাজারে ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্যমূল্যের দাবি জানান।

মানববন্ধনে খামারিরা জানায়, পোল্ট্রি ফিড এবং ওষুধের দাম প্রতিনিয়ত বাড়লেও করপোরেট সিন্ডিকেটের কারণে বাজারে ডিম ও মুরগির সঠিক দাম বাড়ছে না। উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রি করতে গিয়ে সাধারণ খামারিরা এখন দেউলিয়া হওয়ার মুখে।

তারা আরও বলেন, করপোরেট কোম্পানিগুলো কৃত্রিমভাবে বাজার নিয়ন্ত্রণ করছে। ফলে খামারিদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। বড় কোম্পানিগুলো খামারিদের বিরুদ্ধে চক্রান্ত করছে তাদের পথে বসাতে। দ্রুত সময়ের মধ্যে ফিডের দাম না কমালে এবং ডিম-মুরগির ন্যায্য মূল্য নিশ্চিত করা না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ধামরাই পোল্ট্রি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন  বলেন, ফিড ও ওষুধের দাম লাগামহীন। অথচ ডিম-মুরগির সঠিক দাম ভুক্তভোগী খামারিরা পাচ্ছে না। করপোরেট সিন্ডিকেটের কারণেই আজ প্রান্তিক খামারিরা ধ্বংসের মুখে। দ্রুত ডিম-মুরগির ন্যায্যমূল্য নিশ্চিত এবং ফিডের দাম কমানোর দাবি তাদের।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ সানা বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলার কোনো অবনতি না ঘটিয়ে কর্মসূচি শেষ করার অনুরোধ জানাই। অবশেষে তারা সুষ্ঠুভাবে সরে পড়েন মহাসড়ক থেকে। প্রতিবাদের পর ফায়ার সার্ভিসের সদস্যরা রাস্তা পরিষ্কার করেন।’

রুহুল/এএফ

রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট পরিদর্শনে রেড ক্রিসেন্ট চেয়ারম্যান

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:২৮ পিএম
রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট পরিদর্শনে রেড ক্রিসেন্ট চেয়ারম্যান
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের নির্বাহী কমিটি, কর্মকর্তা-কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট সদস্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় সভা/ছবি: খবরের কাগজ

সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম সিলেটে পৌঁছেছেন।

সোমবার (২৯ জুন) সকালে বিমানযোগে ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এসময় জেলা ও মহানগর বিএনপি এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর হযরত শাহজালাল রহ. এর মাজার জিয়ার করেন ব্যারিস্টার সালাম।

দুপুরে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের কার্যালয় পরিদর্শন। পরবর্তীতে জেলা পরিষদ মিলনায়তনে ইউনিট নির্বাহী কমিটি, কর্মকর্তা-কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট সদস্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, ‘১৭ বছরের ফ্যাসিবাদী কবল থেকে রেড ক্রিসেন্টকে মুক্ত করে জনগণের জন্য আরও কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। রেড ক্রিসেন্ট হবে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর সে লক্ষ্যেই রেড ক্রিসেন্টকে প্রস্তুত করে সরকারের মানবিক কার্যক্রমের গতিকে ত্বরান্বিত করা হবে।’

জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান। সভা সঞ্চালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী।

এএফ/

লালমনিরহাটে পানিবন্দি হাজারো মানুষ

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:১৬ পিএম
লালমনিরহাটে পানিবন্দি হাজারো মানুষ
ছবি: খবরের কাগজ

উজানের ঢল ও টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের প্রভাবে লালমনিরহাটে তিস্তা নদীর পানি রবিবার (২৮ জুন) বিপৎসীমা অতিক্রম করার পর সোমবার ধীরে ধীরে কমতে শুরু করেছে।

তবে টানা প্রায় ২৪ ঘণ্টা পানি বিপদসীমার আশপাশে অবস্থান করায় জেলার নিম্নাঞ্চল, চরাঞ্চল ও নদীতীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে জেলার পাঁচটি উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পরে দুপুর ১২টায় তা বিপদসীমার ১৫ সেন্টিমিটার এবং বিকেল ৩টায় ১৭ সেন্টিমিটার নিচে নেমে আসে। যদিও পানি কমতে শুরু করেছে, তবুও তিস্তা তীরবর্তী অনেক এলাকায় এখনো বন্যার পানি আটকে রয়েছে।

জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী, সদর ও পাটগ্রাম উপজেলার নিম্নাঞ্চলের বহু বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে উঁচু স্থানে সরে গেছে। বন্যার কারণে বিভিন্ন এলাকায় স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে।

এদিকে নদীতীরবর্তী এলাকার বিস্তীর্ণ চারণভূমি পানির নিচে তলিয়ে যাওয়ায় গবাদিপশুর খাদ্যসংকট দেখা দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানেও বন্যার প্রভাব পড়েছে। বিভিন্ন বিদ্যালয়ে পানি প্রবেশ করায় জেলার অন্তত ছয়টি স্কুলে পাঠদান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে।

বন্যার পানিতে অনেক গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। কোথাও কোথাও মাছের ঘের ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানের ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে তিস্তার পানি আবারও বিপদসীমা অতিক্রম করতে পারে অথবা এর কাছাকাছি অবস্থান করতে পারে। এতে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে তিস্তা নদীর ডান তীরকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, ‘দেশে ও উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি কিংবা তার ওপরে থাকতে পারে। এতে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পানি বৃদ্ধি বা হ্রাসের পর নদীভাঙনের ঝুঁকিও থাকে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে।’

বকুল/রিফাত/

সিংগাইরে অতিরিক্ত দামে সার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০৫:০০ পিএম
সিংগাইরে অতিরিক্ত দামে সার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানের মজুদকৃত সার জব্দ করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে আকাশ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, রনি এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা এবং মনির ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সালাম এন্টারপ্রাইজের মজুদকৃত সার জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

আসাদুজ্জামান রুমেল বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকার কয়েকজন সার ডিলার ও খুচরা ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছিলেন।

বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের জিম্মি করে অতিরিক্ত দামে সার বিক্রি করায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলেন তিনি। অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

আসাদ/এএফ