সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম সিলেটে পৌঁছেছেন।
সোমবার (২৯ জুন) সকালে বিমানযোগে ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এসময় জেলা ও মহানগর বিএনপি এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর হযরত শাহজালাল রহ. এর মাজার জিয়ার করেন ব্যারিস্টার সালাম।
দুপুরে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের কার্যালয় পরিদর্শন। পরবর্তীতে জেলা পরিষদ মিলনায়তনে ইউনিট নির্বাহী কমিটি, কর্মকর্তা-কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট সদস্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, ‘১৭ বছরের ফ্যাসিবাদী কবল থেকে রেড ক্রিসেন্টকে মুক্ত করে জনগণের জন্য আরও কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। রেড ক্রিসেন্ট হবে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর সে লক্ষ্যেই রেড ক্রিসেন্টকে প্রস্তুত করে সরকারের মানবিক কার্যক্রমের গতিকে ত্বরান্বিত করা হবে।’
জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান। সভা সঞ্চালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী।
এএফ/