ইন্টেরিয়র ডিজাইনে সৃজনশীল উৎকর্ষকে স্বীকৃতি জানাতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন (বিএআইডি) ২০২৫।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ইন্টেরিয়র ডিজাইনের অসাধারণ প্রতিভাকে স্বীকৃতি ও উদযাপনের লক্ষ্যেই এই প্ল্যাটফর্মের আয়োজন। সৃজনশীল চিন্তা ও নকশার মাধ্যমে অভ্যন্তরীণ পরিসরকে নতুন মাত্রা দেওয়া ডিজাইনারদের সম্মানিত করা হয় এ আয়োজনে।
এবারের আসরে প্রফেশনাল ও অ্যামেচার- দুই বিভাগে মোট ২০৮টি প্রকল্প জমা পড়ে। এর মধ্যে সাতটি প্রকল্প পুরস্কার লাভ করে।
প্রফেশনাল বিভাগে পুরস্কারপ্রাপ্ত প্রকল্পগুলো হলো- মেকওভারস বাই আনমন (স্থপতি নাজিফা তাবাসসুম ও স্থপতি আজরিন আলম), কবিতা কুঞ্জ (স্থপতি জুবায়ের হাসান ও স্থপতি তাহমিদা আফরোজ), সোল (স্থপতি উৎস জামান) এবং অজো আইডিয়া স্পেস, গুলশান (স্থপতি মো. রবিউল ইসলাম)। অ্যামেচার বিভাগে পুরস্কার পায় বীর চট্টলা (সঙ্গীতা চৌধুরী)।
এ ছাড়া প্রফেশনাল বিভাগে যাত্রা বাংলাদেশ (স্থপতি সারাওয়াত ইকবাল ও স্থপতি মনন-বিন ইউনুস) এবং ছেই ব্লু (Seuil_Bleue) (স্থপতি রাহাত ইবনে হাসান, স্থপতি বিন সাঈদ বখতি ও স্থপতি রাকিব আহমেদ সরকার) প্রকল্পকে কমেন্ডেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি স্থপতি ও ‘মাস্টার অব মাস্টার্স’ খ্যাত স্থপতি প্রফেসর শামসুল ওয়ারেস, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী, প্রধান পরিচালন কর্মকর্তা ও পরিচালক মো. মহসিন হাবিব চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএআইডি ২০২৫-এর উপদেষ্টা স্থপতি জালাল আহমেদ, জুরি চেয়ার স্থপতি এহসান খান, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) সভাপতি স্থপতি প্রফেসর আবু সাঈদ এম আহমেদ, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া, জুরি প্যানেলের সদস্য স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার, শিল্পী ঢালী আল মামুন, স্থপতি তানিয়া করিম ও স্থপতি মোহাম্মদ এমরান হোসেন। দেশের খ্যাতনামা স্থপতি ও ইন্টেরিয়র ডিজাইনাররাও অনুষ্ঠানে অংশ নেন।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী বলেন, ‘বার্জারে আমরা বিশ্বাস করি, ডিজাইনের মাধ্যমে মানুষের জীবনযাপন ও কর্মপরিবেশ ইতিবাচকভাবে বদলে দেওয়া সম্ভব। বিএআইডি এমন একটি প্ল্যাটফর্ম, যা সেসব সৃজনশীল পেশাজীবীকে সম্মান জানায়, যারা তাদের কাজের মাধ্যমে আমাদের চারপাশে রঙ, রূপ ও অর্থ যোগ করেন।’
প্রধান পরিচালন কর্মকর্তা ও পরিচালক মো. মহসিন হাবিব চৌধুরী বলেন, ‘বিএআইডি বাংলাদেশের ডিজাইন অঙ্গনের সৃজনশীলতা, উদ্ভাবন ও পেশাগত উৎকর্ষের ধারাবাহিক প্রকাশ ঘটিয়ে চলেছে। ভবিষ্যৎ প্রজন্মের ডিজাইনারদের অনুপ্রাণিত করা এবং দেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পের টেকসই বিকাশে অবদান রাখতে বার্জার প্রতিশ্রুতিবদ্ধ।’
স্থপতি প্রফেসর শামসুল ওয়ারেস বলেন, ‘দীর্ঘ কয়েক দশক ধরে এই পেশার বিকাশ, সংগ্রাম ও প্রতিষ্ঠার পথচলা আমি প্রত্যক্ষ করেছি। আজকের এই আয়োজন প্রমাণ করে, দেশের ইন্টেরিয়র ডিজাইন কমিউনিটি অনেক দূর এগিয়েছে। বিএআইডি শুধু একটি পুরস্কার নয়, এটি নতুন প্রজন্মের ডিজাইনারদের সম্ভাবনার দিগন্ত উন্মোচনকারী একটি আয়না।’
বিজ্ঞপ্তি/