ভারতের মুম্বাইয়ের বাইকুল্লা এলাকায় মহররমের মিছিলে অংশ নেওয়া মানুষের মাঝে বিষাক্ত ক্যাপসুল বিতরণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই ক্যাপসুল খাওয়ার পর এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পুলিশের তৎপরতায় বড় ধরনের একটি বিপর্যয় ও ব্যাপক প্রাণহানির আশঙ্কা এড়ানো গেছে বলে জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ জুন) গভীর রাতে বাইকুল্লার ওই মিছিলে এক ব্যক্তিকে সন্দেহভাজনভাবে ক্যাপসুল বিতরণ করতে দেখা যায়। পরবর্তীতে শনিবার ভোর ৪টার দিকে সালমান নামের এক ব্যক্তি ওই ক্যাপসুল খাওয়ার পর তীব্র পেট ব্যথা ও বমি হয়ে অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনার সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।
মুম্বাই পুলিশের সেন্ট্রাল জোন-১-এর ডেপুটি কমিশনার (ডিসিপি) জয়ন্ত মীনা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছে যে, এটি মিছিলের অংশগ্রহণকারীদের লক্ষ্য করে বড় ধরনের ক্ষতি করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল।
তদন্তে জানা গেছে, পেশায় রঙ ব্যবসায়ী ওই অভিযুক্ত অনলাইনে ৩০ হাজার খালি ক্যাপসুল এবং নিজের ব্যবসার সূত্র ধরে ৫০ কেজি ‘জিংক ফসফাইড’ (বিষাক্ত ইঁদুর মারার রাসায়নিক) সংগ্রহ করেছিলেন। গত ১৫ দিন ধরে মুম্বাইয়ে অবস্থান করে তিনি খালি ক্যাপসুলগুলোতে এই বিষাক্ত রাসায়নিক ভরেছিলেন, যা মিছিলে ‘ব্যথানাশক ওষুধ’ হিসেবে বিতরণের পরিকল্পনা ছিল।
পুলিশ ইতোমধ্যে অভিযুক্তের কাছ থেকে ১৪ হাজার ৯০০টি বিষাক্ত ক্যাপসুল জব্দ করেছে। বাকি ক্যাপসুল এবং রাসায়নিকের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। এই রাসায়নিকটি পেটে গেলে অত্যন্ত বিষাক্ত গ্যাস তৈরি করে, যা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ অকেজো করে দিতে পারে।
অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৩ ধারায় মামলা করা হয়েছে। এই ঘটনার পেছনে অন্য কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। সূত্র: এনডিটিভি
আজহার/অমিয়/