ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে পারাপারের অভিযোগে ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে একজন নারী ও দুইজন শিশু রয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) মধ্যেরাত ও বুধবার বিভিন্ন সময়ে পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ ছাড়া বিজিবি উথলী বিওপির পৃথক এক অভিযানে ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটকরা হলেন- মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মুকুল হোসেন (৪৪), গোপালগঞ্জের কোটালিপাড়া থানার লাটেঙ্গা গ্রামের নবকুমার মৃধার ছেলে রিপন মৃধা (২৮), গোপালগঞ্জ সদর থানার বোড়াশী গ্রামের সুমন্ত বিশ্বাসের ছেলে সুমতি বিশ্বাস (২৪), একই থানার রঘুনাথপুর গ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে জয়ন্ত বিশ্বাস (২৫), বরগুনার বেতাগী থানার বুড়মজুমদার গ্রামের অজয় কুমার হাওলাদার (৩৭), কক্সবাজারের পেকুয়া থানার সরকারি ঘোনা গ্রামের ইউসুফ গণী (৫৪) ও সিলেটের মাইয়ারচর গ্রামের আব্দুল মানিকের ছেলে নুর আলম (২৬)।
বিজিবি জানায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন কুসুমপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের চাপাতলা এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় এক দালাল ও এক নারীকে আটক করে। এ ছাড়া বুধবার বেলা দেড়টার দিকে মাটিলা বিওপির পৃথক অভিযানে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি দুইজনকে আটক করে। অপর এক অভিযানে বাঘাডাংগা বিওপির বিজিবি সদস্যরা ২ শিশুসহ ৬ জনকে আটক করে।
আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবি দাবি করেছে। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটকদের নামে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আটক শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।
মাহফুজুর রহমান/সুমন/