আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘তাবলিগ জামাতের দুই গ্রুপ নিয়ে আসন্ন ইজতেমা নিয়ে আলোচনা করেছি। নির্বাচনের আমেজ শুরু হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী এ সময় নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে। সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা নির্বাচনের পর হবে। নির্বাচনের পর সুবিধাজনক সময়ে হবে ইজতেমা। তাবলিগ জামাতের দুপক্ষই এতে সম্মতি দিয়েছে।’
তিনি বলেন, ‘আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ, পরিকল্পনা নেই। নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে হাইকমান্ডের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত আছে।’
ড. জাকির নায়েকের বাংলাদেশে আসা প্রসঙ্গে আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘ড. জাকির নায়েককে যারা আনতে চান তাদের একটি দল দেখা করেছিল। তাদের জানিয়েছি, এটি ধর্ম মন্ত্রণালয়ের বিষয় নয়, পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। বিদেশি মেহমান আসলে সে বিষয়টি দেখভাল করে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। এখানে ধর্ম উপদেষ্টার পছন্দ-অপছন্দ বড় কথা নয়।’
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
এসজি/