উজানের ঢলে কুড়িগ্রামের দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
রবিবার (২৮ জুন) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ নদীর পানি মাত্র ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেলেও, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টায় পানি বেড়েছে ৫৪ সেন্টিমিটার। বর্তমানে নদীর পানি সমতল ২৯ দশমিক ৪৯ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এ সময় নদীর পানি বিপদসীমার মাত্র ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙ্গা, ছিট পাইকেরছড়া, চর বলদিয়া এবং নাগেশ্বরী উপজেলার চরবিষ্ণুপুর, বালাবাড়ি, লুছনি ও ফান্দারচর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকার বাড়িঘরে এখনো পানি প্রবেশ না করলেও ক্ষেতখামার তলিয়ে যাচ্ছে। বাড়ির আশপাশে পানি ওঠায় মানুষের যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
পাইকেরছড়া এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক জানান, দুপুর থেকে দুধকুমার নদীর পানি দ্রুত বাড়ছে। এতে পাইকেরছড়া, পাইকডাঙ্গাসহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে।
অপরদিকে, তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর পানিও ধীরগতিতে বৃদ্ধি পাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী তিন দিন কুড়িগ্রামের সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এ সময়ে নদ-নদীর পানি সতর্কসীমা বা বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে আবারও নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজানের ঢলে দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। অন্যান্য নদ-নদীর পানিও সামান্য বেড়েছে। বন্যা পূর্বাভাস অনুযায়ী আগামী ৭২ ঘণ্টায় পানি আরও বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে।
সিরাজ/রিফাত/