বাংলাদেশের ক্রীড়ার সার্বিক উন্নয়ন এবং ক্রীড়া অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সহায়তা আরও বিস্তৃত করতে ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, নতুন করে আরও ২০০ জনকে এই কর্মসূচির আওতায় এনে নিয়মিত ভাতা প্রদান করা হবে, যা দেশের ক্রীড়া বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
রবিবার (২৮ জুন) বিকেলে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে জিরো থেকে কার্যক্রম শুরু করা হয়েছে। আশা করা যায় ১৫ বা ২০ বছর পরে হলেও বাংলাদেশের ফুটবল বিশ্বসভায় জায়গা করে নেবে।
কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন খেলায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় ২৩ জন আনসার সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।
পরে প্রতিমন্ত্রী একাডেমির কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ-২৬ এর সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
পলাশ প্রধান/এসএন