ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে নতুন করে আলোচনায় উঠে এসেছেন স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতো। যদিও দুজনের কেউই তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি, তবু সাম্প্রতিক সময়ে একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের কৌতূহল বেড়েই চলেছে।
স্পেনের রাজধানী মাদ্রিদে জন্ম নেওয়া এস্টার অভিনয়জগতে পথচলা শুরু করেন অল্প বয়সেই। মঞ্চনাটকে অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু হলেও আন্তর্জাতিক পরিচিতি পান জনপ্রিয় ধারাবাহিক ‘এলিট’-এ কার্লা রোসোন চরিত্রে অভিনয় করে। ধারাবাহিকটির সাফল্য তাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয় এবং পরবর্তীতে তিনি একাধিক আলোচিত চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেন।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন জগতেও বেশ পরিচিত মুখ এস্টার। বিশ্বের বিভিন্ন খ্যাতনামা ফ্যাশন ও সৌন্দর্যবিষয়ক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা ঈর্ষণীয়, অনুসারীর সংখ্যাও কয়েক কোটির বেশি।
এদিকে চলতি বছরের শুরু থেকে এমবাপ্পে ও এস্টারকে ঘিরে সম্পর্কের গুঞ্জন ছড়াতে শুরু করে। প্রথমে প্যারিসে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাদের। পরে ইতালির সার্ডিনিয়া এবং স্পেনের ইবিজায়ও তাদের উপস্থিতি নিয়ে নানা ছবি ও তথ্য প্রকাশিত হয়। এসব ঘটনার পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে।
তবে এ বিষয়ে এখনো নীরব রয়েছেন এমবাপ্পে। অন্যদিকে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে এস্টার সরাসরি কোনো মন্তব্য না করে শুধু বলেন, তিনি ভালো আছেন।
মজার বিষয় হলো, ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকার সঙ্গে নাম জড়ালেও ফুটবল সম্পর্কে খুব বেশি জানেন না বলে স্বীকার করেছেন এস্টার। তার ভাষ্য, ছোটবেলা থেকে পরিবারে ফুটবল দেখার প্রচলন না থাকায় খেলাটির সঙ্গে তেমন পরিচয় ছিল না। তবে এখন ধীরে ধীরে ফুটবলকে নতুনভাবে চিনতে শুরু করেছেন তিনি।
বর্তমানে অভিনয় ক্যারিয়ার নিয়েই সবচেয়ে বেশি মনোযোগী এস্টার। নিজেকে কোনো নির্দিষ্ট ধরনের চরিত্রে সীমাবদ্ধ না রেখে বৈচিত্র্যময় কাজ করতে চান তিনি। ভবিষ্যতে স্প্যানিশ ভাষার পাশাপাশি অন্যান্য ভাষার চলচ্চিত্রেও কাজ করার আগ্রহ রয়েছে তার।
/এমটি