বরিশাল নগরে একটি রেস্তোরাঁয় হামলা–ভাঙচুরসহ দুই নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ তার অনুসারীদের বিরুদ্ধে।
হামলার সময় দোকানের ক্যাশবাক্স থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। এ ঘটনার প্রতিবাদে নতুন বাজার এলাকায় ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নগরীর নতুন বাজারের মড়কখোলা পুল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, ঘটনার কয়েক দিন পার হলেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। দ্রুত জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান তারা।
ঝাড়ু মিছিল শেষে ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও একাত্মতা প্রকাশ করে নতুন বাজার সড়ক অবরোধ করেন। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও মহানগর ছাত্রদলের নেতারা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) রাতে নতুন বাজারের মড়কখোলা পুল এলাকায় একটি রেস্তোরাঁয় হামলা চালানো হয়। সেই হামলার নেতৃত্বে ছিলেন বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। হামলায় রেনু বেগম ও মালা আক্তার নামে দুই নারী ব্যবসায়ী আহত হন।
অভিযোগের বিষয়ে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, সোমবার দুপুরে তাদের কর্মী আব্দুল্লাহকে মরকখোলা পুল এলাকায় একদল সন্ত্রাসী মারধর করে হাসপাতালে পাঠায়। সন্ধ্যায় ওই ঘটনার অভিযোগ দিতে যাওয়ার সময় একই স্থানে তাদের আরেক শিক্ষার্থীর ওপরও হামলা হয়। তার দাবি, হামলাকারীদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী ছিলেন। তিনি বলেন, ছাত্রদলের কেউ ওই রেস্তোরাঁয় হামলা চালায়নি এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম বলেন, ছাত্রদল কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না। যদি ছাত্রদলের নাম ব্যবহার করে কেউ নারীর ওপর হামলা বা শ্লীলতাহানির ঘটনায় জড়িত থাকেন, তাহলে সংগঠনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মঈনুল/এএফ