বিশ্বকাপের ইতিহাসে নাম লেখালেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নেমেই তিনি ভেঙে দিয়েছেন স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের দীর্ঘদিনের রেকর্ড। শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার রেকর্ডও এখন তার দখলে।
স্পেনের জার্সিতে ৬৩তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে টানা ৫১৮ মিনিট গোল হজম না করার অনন্য কীর্তি গড়েছেন সিমন। এর মধ্য দিয়ে তিনি ভেঙে দিয়েছেন ক্যাসিয়াসের ৪৬৩ মিনিট গোল না খাওয়ার রেকর্ড। ২০১০ বিশ্বকাপে চিলির বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ থেকে শুরু করে ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৩তম মিনিট পর্যন্ত গোল হজম না করে এই রেকর্ড গড়েছিলেন ক্যাসিয়াস।
শুধু জাতীয় পর্যায়েই নয়, বিশ্বকাপের ইতিহাসেও নতুন মানদণ্ড স্থাপন করেছেন এই স্প্যানিশ গোলরক্ষক। এতদিন টুর্নামেন্টে সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার রেকর্ড ছিল ইতালির সাবেক গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গার দখলে। এবার তাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে শীর্ষে উঠে এসেছেন সিমন।
তার এই অবিশ্বাস্য ধারাবাহিকতার শুরু কাতার বিশ্বকাপে। জাপানের বিপক্ষে গোল হজম করার পর মরক্কোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে নিজের জাল অক্ষত রাখেন তিনি। সেই ধারাবাহিকতা বজায় রেখে চলতি বিশ্বকাপে কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ের বিপক্ষে কোনো গোল হজম করেননি। অস্ট্রিয়ার বিপক্ষেও অপরাজেয় থাকেন স্পেনের এই গোলরক্ষক।
গত কয়েক মাসে স্পেনের গোলপোস্টে তার অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তবে মাঠের পারফরম্যান্স দিয়েই সব বিতর্কের জবাব দিয়েছেন উনাই সিমন। বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে তিনি প্রমাণ করেছেন, স্পেনের গোলবারের নিচে তিনিই এখন সবচেয়ে নির্ভরযোগ্য নাম।
এসজি/