সময় ও স্রোত মানুষকে কোথায় নিয়ে যায়। এক বছর আগেও যে দেশটি বিশ্ববাসীর কাছে ছিল সম্পূর্ণ অপরিচিত এক নাম, সেই দেশটিই এখন বিশ্ববাসীর মুখে মুখে। দেশটি হলো কেপ ভার্দে। ১৯৭৫ সালে পর্তুগাল থেকে স্বাধীন হওয়া মাত্র ৫ লাখের সামান্য বেশি জনগোষ্ঠীর বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ। এবারের বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বড় চমক। একের পর এক অঘটন ঘটিয়ে তারা এখন শেষ বত্রিশে। যাত্রা পথে তারা এখনো অপরাজেয়। গ্রুপ পর্বে তারা জিততে দেয়নি প্রথমেই স্পেনকে, এরপর উরুগুয়েকে। সবশেষে এশিয়ার দেশ সৌদি আরবকে। সব ম্যাচই ড্র। উরুগুয়ের বিপক্ষে ২-২। বাকিগুলো গোলশূন্য। অগ্রযাত্রায় শেষ বত্রিশে এবার তাদের সামনে বিশ্বের অন্যতম জনপ্রিয় দল বর্তমান চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা। কেপ ভার্দে কি আর্জেন্টিনাকেও রুখে দেবে, না কি এখানেই থেমে যাবে–সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামীকাল (৪ জুলাই) মায়ামিতে।
কেপ ভার্দে ড্র করতে ওস্তাদ। কিন্তু নকআউট পর্বে ড্র করার সুযোগ নেই। নিষ্পত্তি হতেই হবে। তাদের জন্য মহারণ। উতরে গেলে নতুন ইতিহাস, না পারলেও যে ইতিহাস রচনা করেছে, তা মুছে যাবে না। কোটি কোটি ফুটবলপ্রেমীদের মন তারা জয় করে নিয়েছে। কাজেই এখান থেকে বিদায় নিলে সেখানে কোনো রকমের শূন্যতা সৃষ্টি হবে না। ফুটবলপ্রেমীদের দৃষ্টি খুঁজবে তাদের।
আর্জেন্টিনা আছে দুরন্ত গতিতে। মেসি আছেন তারচেয়েও বেশি দুর্দান্ত ফর্মে। বয়সকে হার মানিয়ে তিনি হয়ে উঠেছেন চির তরুণ। ৬টি গোল করে আছেন সবার ওপরে। এমবাপ্পেও তার সমান। কিন্তু এই ম্যাচে মেসি গোল পেলে এককভাবে উঠে যাবেন সবার ওপরে। তাদের সামনে কেপ ভার্দের অপরাজেয় সৈনিকরা নিজেদের নতুন করে আবারও কী মেলে ধরতে পারবেন? শঙ্কার ডাল-পালা বেশি বিস্তার করলেও নতুন করে আরেকটি অঘটনের জন্ম হলে অবাক হওয়ার কিছু থাকবে না। এটাই ফুটবল।
কেপ ভার্দে দেশটির জন্মই হয়েছে আগুন নিয়ে খেলা করে। সমুদ্রতলের আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে সৃষ্ট ১০টি দ্বীপ নিয়ে গঠিত কেপ ভার্দে। যাদের ইতিহাস এমন, তারা থাকে ভয়ডরহীন। ফুটবল ময়দানে তারা সে প্রমাণ দিয়েই চলেছে। কেপ ভার্দেকে নিয়ে সবার মাঝে এসব জানার আগ্রহ তৈরি হয় এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ড্র করার পর। তবে বিশ্ববাসীর প্রথম নজরে এসেছিল ২০২৫ সালের ১৩ অক্টোবর বাছাইপর্বের গণ্ডি পেরিয়ে ফুটবলের বিশ্ব মঞ্চে জায়গা করে নেওয়ার পর। ইসোয়াতনিকে ৩-০ গোলে হারিয়ে তারা গ্রুপসেরা হয়। তখন তাদের পরিচিতি হয়েছিল কম জনগোষ্ঠীর কারণে। এখন তাদের পরিচয় বিশ্ব ফুটবলে নতুন উদীয়মান শক্তি।
ফুটবল ময়দানে কেপ ভার্দের সৈনিকরা যে অকুতোভয় নৈপুণ্য দেখিয়েছেন, তা হয়তো তারা নিজেরাও বিশ্বাস করতে পারছেন না। গ্রুপ পর্বের সাহসী নৈপুণ্য প্রদর্শনের পর তাদের নিয়ে যেখানে সর্বত্র মাতামাতি, সেখানে আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে তারা অনেকটা আবেগ আপ্লুত। তাদের যেন বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে তারা সত্যি সত্যি মাঠে নামতে যাচ্ছেন! অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে বিশ্ববাসীর নজর কাড়া গোলে পোস্টের অতন্দ্রপ্রহরী ভোজিনহারও আবেগ ছুঁয়ে গেছে। শেষ বত্রিশে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে চূড়ান্ত হওয়ার পর ভোজিনহা জানিয়েছেন মেসির বিপক্ষে খেলা তার স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। এটি হবে তার জীবনের একটি অন্যতম সেরা মুহূর্ত। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়ে রেখেছেন খেলা শেষে মেসির সঙ্গে তিনি জার্সিও বদল করতে চান। ভোজিনহা শুধু আবেগই দেখাননি। পেশাদারত্বের কথাও শুনিয়েছেন। মেসিকে গোল করতে দিতে চান না। তার শট ঠেকানোর জন্য তিনি নিজেকে উজাড় করে দেবেন। মেসির বিপক্ষে ভোজিনহা কতটুকু চমক দেখাতে পারেন, সেদিকেও নজর থাকবে বিশ্ববাসীর। স্পেন খেলেছিল ভোজিনহার বিপক্ষে। কে জানে এবার আর্জেন্টিনাকে সেই পরিস্থিতির মুখোমুখি হতে হয় কিনা? আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে কথায় শামিল হয়েছেন দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। তার কথাও আছে মেসিকে নিয়ে আবেগ, আবার জেতার বাসনা। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মেসির বিপক্ষে খেলা তাদের জন্য গর্বের। মেসি তাদের জন্য এক অনুপ্রেরণার নাম। কিন্তু মাঠে তাদের বিপক্ষে জিততে চান। ফলাফলটা জানিয়ে দিয়েছেন ১-০।
আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামার আগেই কেপ ভার্দে একটি রেকর্ড গড়ে ফেলেছে। নকআউট পর্বে তারাই সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে খেলতে যাচ্ছে। দলের সহকারী কোচ উমবেহতো বেতোকুও। আলবিসেলেস্তেদেরে বিপক্ষে খেলতে পারা তাদের জন্য আনন্দের। ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসতে তারা বিন্দুমাত্র ছাড় দেবেন না জানিয়ে তিনি বলেন, ‘পরিসংখ্যান কেবলই তত্ত্ব। আগে আমাদের জয়ের সম্ভাবনা বলা হয়েছিল এক শতাংশ, এখন বলা হচ্ছে চার শতাংশ। কিন্তু এটি আমাদের কাছে গুরুত্বহীন। আমরা আমাদের লক্ষ্য পূরণে মনোযোগী। মাঠের ফলাফল কী হয় সেটিই আসল।’ এদিকে আর্জেন্টিনার সফল কোচ স্কোলানিও সতর্ক কেপ ভার্দেকে নিয়ে। দলটিকে তিনি সমীহ জাগানো ও শক্তিশালী বলে উল্লেখ করে দলের খেলোয়াড়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।