বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে পর্তুগাল। শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে এই দুই দলের লড়াই।
ম্যাচটিকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকা এখন পর্যন্ত বিশ্বকাপ নকআউট পর্বে ৮টি ম্যাচ খেলেও কোনো গোল করতে পারেননি। সেই ধারার অবসান ঘটানোই হতে পারে এই ম্যাচে পর্তুগালের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা।
পর্তুগাল গ্রুপপর্ব শেষ করেছে দ্বিতীয় স্থানে থেকে। ডিআর কঙ্গো ও গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়ার বিপক্ষে ড্র করার পর তারা উজবেকিস্তানকে ৫-০ গোলে হারায়। রোনালদো ওই ম্যাচে দুটি গোল করলেও বাকি দুই ম্যাচে ছিলেন গোলশূন্য।
অন্যদিকে ক্রোয়েশিয়া গ্রুপপর্বে ওঠানামার মধ্য দিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলে হারলেও পরে পানামা ও ঘানাকে হারিয়ে তারা রানার্সআপ হয়ে নকআউটে এসেছে।
দুই দলের মুখোমুখি ইতিহাসে স্পষ্টভাবে এগিয়ে পর্তুগাল। এখন পর্যন্ত ১০ ম্যাচে তারা জিতেছে ৭টি, ড্র ২টি এবং হেরেছে মাত্র ১টি।
ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগালকেই ফেবারিট হিসেবে দেখছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার।
সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, ৯০ মিনিটে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬.২ শতাংশ, ক্রোয়েশিয়ার ১৯.৫ শতাংশ, আর ড্রয়ের সম্ভাবনা ২৪.৩ শতাংশ। টুর্নামেন্টে শেষ ষোলোতে ওঠার সম্ভাবনাও পর্তুগালের বেশি-৬৮.৭ শতাংশ, যেখানে ক্রোয়েশিয়ার সম্ভাবনা ৩১.৩ শতাংশ। তবে শিরোপা জয়ের দৌড়ে পর্তুগালের সম্ভাবনা ৪.৪ শতাংশ, আর ক্রোয়েশিয়ার মাত্র ০.৬ শতাংশ।
এসজি/