ফরিদপুর শহরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল ও প্রাইভেট কার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল ও বেশ কয়েকটি প্রাইভেট কারে শত শত আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক অংশ নেন।
শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজের সামনে থেকে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে শোভাযাত্রাটি বের করা হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি এবং হাতে ছিল দেশটির পতাকা। শতাধিক মোটরসাইকেল ও বেশ কয়েকটি প্রাইভেট কার নিয়ে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাদের ‘মেসি, মেসি’ স্লোগান দিতে এবং নানা উৎসাহ-উদ্দীপনায় মেতে উঠতে দেখা যায়। বিভিন্ন বয়সী আর্জেন্টিনা সমর্থক উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রায় অংশ নেন।
সমর্থকদের ভাষ্য, গত বিশ্বকাপের মতো এবারও আর্জেন্টিনা শিরোপা জিতবে। এমন প্রত্যাশা থেকেই তাদের এই আয়োজন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে খেলবে এবং চ্যাম্পিয়ন হবে।
আর্জেন্টিনা সমর্থক সানি যুবায়ের জানান, ‘আমরা সব দলকে সম্মান করি। আর্জেন্টিনা সমর্থকেরা ভদ্র। ভোর ৪টায় খেলা অনুষ্ঠিত হবে। আমরা ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা।’
এ বিষয়ে জানতে চাইলে আয়োজকদের একজন আরেফিন মাহমুদ কায়েস বলেন, ‘ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আমরা আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার একটি ম্যাচ দেখতে চাই। ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় লড়াই হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ফাইনাল।’
এনকেবি নয়ন/রিফাত/