চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৪ ঘণ্টার ব্যবধানে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরইয়া এলাকার গৃহবধূ উম্মে হাবিবার (২২) মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার সায়েদ ইমরানের স্ত্রী।
পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে হাবিবা ইঁদুর মারার বিষপান করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে শনিবার (৪ জুলাই) আনোয়ারা সদর ইউনিয়নের ঘনপুকুরপাড় এলাকায় একটি গাছের ঝুলন্ত অবস্থায় জেলে জিকু সর্দ্দারের (৩৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।
৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জিকু ওই এলাকার ভট্টাচার্য নিবাস কলোনির একটি ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। তার বাড়ি একই উপজেলার বিলপুর হাঁড়িপাড়া এলাকায়।
জিকুর পরিবারের অভিযোগ, স্ত্রীর বোনের স্বামীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে জিকুর বিরোধ ছিল। ওই জেরে তাকে হত্যা করা হতে পারে।
জিকুর স্ত্রী জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের কথা জিকু তার স্ত্রীকে জানিয়েছিলেন। গত কয়েক দিন ধরে তিনি মানসিকভাবে বেশ হতাশাগ্রস্ত ছিলেন। তবে তিনি সমস্যার কথা বিস্তারিত পরিবারকে জানাতেন না।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে জেলে জিকু সর্দ্দারের মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দুটি ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজহার/