বিয়ে করছেন বলিউডের মিস্টার পারফেশনিস্ট খ্যাত তারকা আমির খান। ইতোমধ্যেই বিয়ের ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ৫ জুলাই তার দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন আমির খান। মুম্বাইয়ে নিজের বাসভবনে অত্যন্ত ঘরোয়া পরিবেশে দুই পরিবারের উপস্থিতিতে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন এই তারকা।
গত বৃহস্পতিবার মুম্বাইয়ে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ চলচ্চিত্রের বিশেষ স্ক্রিনিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৬১ বছর বয়সী এই অভিনেতা নিজেই বিয়ের খবরটি নিশ্চিত করেন।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খান বলেন, ‘হ্যাঁ, আগামী ৫ জুলাই আমার বিয়ে। এটি অত্যন্ত ছোট এবং পারিবারিক একটি আয়োজন হতে যাচ্ছে। আমরা দুই পরিবারের উপস্থিতিতে ঘরেই বিয়ের আনুষ্ঠানিকতা সারছি।’
দিনটিকে নিজেদের জন্য অত্যন্ত বিশেষ উল্লেখ করে আমির খান আরও বলেন, ‘আমাদের জন্য এটি অত্যন্ত বিশেষ একটি দিন। আমরা সবার আশীর্বাদ ও ভালোবাসা প্রত্যাশা করছি। আমাদের সুখী জীবন ও সুন্দর পথচলার জন্য সবাই প্রার্থনা করবেন।’
বিয়ের ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন তার বড় ছেলে জুনায়েদ খান। বাবার এই ঘোষণার সময় তাকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
গত বছর মার্চ মাসে নিজের ৬০তম জন্মদিন উদ্যাপনের সময় গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রথম গণমাধ্যমের সামনে এনেছিলেন আমির খান। সে সময় তিনি মুম্বাইয়ের সাংবাদিকদের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দেন।
উল্লেখ্য, এটি আমির খানের তৃতীয় বিয়ে হতে যাচ্ছে। এর আগে ১৯৮৬ সালে তিনি রিনা দত্তকে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এই সংসারে জুনায়েদ খান ও ইরা খান নামের দুই সন্তান রয়েছে। পরবর্তীতে ২০০৫ সালে আমির খান চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। প্রায় ১৫ বছর সংসার করার পর ২০২১ সালে তারা আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে বিচ্ছেদের পরও তাদের একমাত্র সন্তান আজাদ রাও খানের সহঅভিভাবক হিসেবে তারা যৌথভাবে দায়িত্ব পালন করছেন।