২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ইংল্যান্ড ও অন্যতম আয়োজক দেশ মেক্সিকোর লড়াই ফুটবলের বাইরেও আলোচনায় এসেছে। মেক্সিকো সিটির উচ্চতাজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনে ইংল্যান্ডের খেলোয়াড়দের সিলডেনাফিল (ভায়াগ্রা) ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
ভায়াগ্রা নামে পরিচিত এই ওষুধটি বিশ্ব ডোপিংবিরোধী সংস্থার (ওয়াডা) নিষিদ্ধ তালিকায় নেই।
ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের দল ৫ জুলাই মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় মেক্সিকোর মুখোমুখি হবে।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ২০০ মিটার উঁচুতে অবস্থিত এই ভেন্যুতে কম অক্সিজেনের কারণে খেলোয়াড়দের ক্লান্তি, শ্বাসকষ্ট ও উচ্চতাজনিত সমস্যার ঝুঁকি থাকে। ইংল্যান্ডের জন্য এটি বড় চ্যালেঞ্জ বলে স্বীকার করেছেন টুখেলও।
সিলডেনাফিল সাধারণত লিঙ্গোত্থানজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে এটি রক্তনালি প্রসারিত করতে সাহায্য করে এবং ফুসফুসে রক্তপ্রবাহে ভূমিকা রাখতে পারে। উচ্চভূমিতে শরীরে অক্সিজেন পরিবহনে এর সম্ভাব্য উপকারিতা নিয়ে গবেষণা রয়েছে। তবে ইংল্যান্ড দল ওষুধটি ব্যবহার করবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
ওয়াডার ২০২৬ সালের নিষিদ্ধ ওষুধের তালিকায় সিলডেনাফিল নেই। ফলে চিকিৎসকের পরামর্শ ও দলের চিকিৎসা ব্যবস্থাপনার আওতায় এটি ব্যবহার করলে ডোপিংবিরোধী নিয়ম ভাঙার প্রশ্ন উঠবে না। তবে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে খেলোয়াড়দের ব্যক্তিগত দায়ও থাকে এবং সংশ্লিষ্ট চিকিৎসা পরামর্শ মেনে চলতে হয়।
মেক্সিকো ঘরের মাঠে দুর্দান্ত ছন্দে আছে। চলতি বিশ্বকাপে চার ম্যাচে জয় পেয়েছে দলটি এবং কোনো গোলও হজম করেনি।
অন্যদিকে, রাউন্ড অব ৩২-এ ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে হ্যারি কেইনের জোড়া গোলে জয় নিশ্চিত করে তারা।
অমিয়/