ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসি। ফুটবলের মহাযজ্ঞে অ্যাসিস্ট বা গোল করানোর রেকর্ডে তিনি ছুঁয়েছেন তারই আদর্শ এবং আর্জেন্টিনার ফুটবলের ঈশ্বর দিয়েগো আরমান্দো ম্যারাডোনাকে। ফিফা কর্তৃক ১৯৬৬ সালের বিশ্বকাপ থেকে শুরু হওয়া অফিশিয়াল পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে বর্তমানে এই দুই মহাতারকার অ্যাসিস্ট সংখ্যা সমান ৮টি। আর মাত্র একটি অ্যাসিস্ট করতে পারলেই নতুন এই ইতিহাস গড়বেন এই মহাতারকা।
দিয়েগো ম্যারাডোনার জাদু (৮টি অ্যাসিস্ট): ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ম্যারাডোনা একাই ৫টি গোল করার পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেছিলেন, যা আর্জেন্টিনাকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ এনে দেয়। এরপর ১৯৯০ বিশ্বকাপে ২টি এবং ১৯৯৪ বিশ্বকাপে ১টি অ্যাসিস্ট করেন তিনি।
লিওনেল মেসির ধারাবাহিকতা (৮টি অ্যাসিস্ট): ২০০৬ সালে নিজের প্রথম বিশ্বকাপেই সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে ১টি অ্যাসিস্ট করেছিলেন মেসি। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে ১টি করে, ২০১৮ বিশ্বকাপে ২টি এবং সবশেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে ৩টি অ্যাসিস্টের পাশাপাশি নিজে ৭টি গোল করেন। এই অতিমানবীয় পারফরম্যান্সের মাধ্যমে তিনি বিশ্বকাপের ইতিহাসে ম্যারাডোনার সমান ৮টি অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করেন।
যদিও ম্যারাডোনার ২১ ম্যাচের তুলনায় মেসির এই রেকর্ড গড়তে ২৬টি ম্যাচ লেগেছে, তবে গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ অবদানের তালিকায় এখন শীর্ষে রয়েছেন এলএম১০। ফুটবল বিশ্লেষকদের মতে, দুই ভিন্ন প্রজন্মের এই দুই বাঁ পায়ের জাদুকর তাদের সৃষ্টিশীল খেলা দিয়ে ফুটবল ইতিহাসের পাতায় নিজেদের চিরস্মরণীয় করে রেখেছেন।
আজহার/