২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করতে রীতিমতো কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। মায়ামিতে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে পরবর্তী পর্বের টিকিট কেটেছে লিওনেল স্কালোনির দল।
ম্যাচ শেষে অধিনায়ক লিওনেল মেসি যেমন দলের দুর্বলতা অকপটে স্বীকার করেছেন, তেমনি শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতার ওপরও রেখেছেন পূর্ণ আস্থা।
মেসি বলেন, ‘এই দলটা অনেক দিন ধরেই প্রমাণ করে আসছে যে তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে জানে। আজও আমরা সেটাই করেছি।’ ম্যাচে সেট পিস থেকে সফলতা পাওয়াকে বড় ইতিবাচক দিক হিসেবে দেখছেন আর্জেন্টাইন অধিনায়ক।
তার ভাষ্যে, ‘গত কয়েক ম্যাচে আমরা সেট পিস ঠিকভাবে কাজে লাগাতে পারিনি। কিন্তু আজ সেই জায়গায় সফল হয়েছি। আমাদের দলে কয়েকজন দারুণ হেডার আছেন এবং বিশ্বকাপের মতো টুর্নামেন্টে সেট পিস আক্রমণ ও রক্ষণ-দুই ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তবে জয় পেলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন মেসি। তার মতে, কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার প্রেসিং এবং রক্ষণাত্মক সংগঠনে ঘাটতি ছিল। আমরা ওদের ওপর ঠিকভাবে চাপ সৃষ্টি করতে পারছিলাম না। রক্ষণ ও মাঝমাঠের লাইনের মধ্যে অনেক ফাঁকা জায়গা তৈরি হচ্ছিল। ফলে প্রতিপক্ষ সহজেই বল চালাচ্ছিল এবং আমাদের রক্ষণকে সমস্যায় ফেলছিল।’
তিনি আরও বলেন, ‘আমরা কিছুটা অগোছালো ছিলাম। মনে হচ্ছিল মাঠে ওদের একজন খেলোয়াড় বেশি। আমাদের প্রেসিং পরিকল্পনা কার্যকর হয়নি, আর সেটার সুযোগ নিয়েই তারা পুরো ম্যাচে আমাদের চাপে রেখেছিল।’
পাপ্পু/এএফ