২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় লড়াইয়ে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করেছে কেপ ভার্দে। তবে বিদায়ের আক্ষেপের মাঝেও নিজেদের সাহসী ও লড়াকু পারফরম্যান্সে গর্ব প্রকাশ করেছেন দলটির অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা।
ম্যাচ শেষে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে পেরে তারা গর্বিত এবং কেপ ভার্দের ফুটবলের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।
৪৮ দলের বর্ধিত বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া কেপ ভার্দে টুর্নামেন্টে কোনো জয় না পেলেও বিশ্ব ফুটবলের পরাশক্তিদের বিপক্ষে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা করে কোটি কোটি ফুটবলপ্রেমীর প্রশংসা কুড়িয়েছে। আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়ে গিয়ে জয় পেতে বাধ্য করায় দলটির দৃঢ়তা ও আত্মবিশ্বাস ফুটে ওঠে।
ভোজিনহা বলেন, ‘আমরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছি। আজ আমরা তাদের সঙ্গে সমান তালে লড়াই করেছি এবং ম্যাচটি জেতার সুযোগও আমাদের ছিল। আমাদের জন্য এটি অত্যন্ত গর্বের এবং সন্তুষ্টির।’
বিদায়ের হতাশার কথাও তুলে ধরে তিনি বলেন, ‘অবশ্যই আমাদের মন খারাপ। আমরা এখানে থেমে যেতে চাইনি। তবে যা অর্জন করেছি, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার সতীর্থ, কোচিং স্টাফ, ফেডারেশন এবং যেসব সমর্থক এত দূর এসে আমাদের সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই।’
ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ভোজিনহা বলেন, ‘এখন সামনে তাকানোর সময়। আমাদের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। আশা করি খুব শিগগিরই তাদের বিশ্বের সেরা লিগগুলোতে খেলতে দেখা যাবে।’
পাপ্পু/এএফ