আর্জেন্টিনা-কেপ ভার্দে মধ্যকার বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকায় অতিরিক্ত সময়ে গড়িয়েছে। অতিরিক্ত সময়ের দুই অর্ধে ১৫ মিনিট করে ৩০ মিনিট খেলবে দুই দল। তাতে কোনো ফল না এলে ভাগ্য নির্ধারিত হবে টাইব্রেকারে।
শনিবার (৪ জুন) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা।
আক্রমণ চালিয়ে ২৯ মিনিটে প্রথম সাফল্য পায় লিওনেল স্কালোনির শিষ্যরা। লিসান্দ্রো মার্টিনেজের লম্বা পাস বক্সের ভেতর দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ভোজিনহাকে পরাস্ত করেন লিওনেল মেসি। আর তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
এরপর ৪৪ মিনিটে বক্সের ঠিক বাইরে বল পান এনজো ফার্নান্দেজ। বল পেয়েই জোরালো শট নেন তিনি। তবে ঝাঁপিয়ে পড়ে তা ঠেকিয়ে দিয়ে কেপ ভার্দেকে বিপদমুক্ত করেন ভোজিনহা। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বর্তমান চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে আর্জেন্টিনা। তবে ম্যাচে ফেরার চেষ্টা চালায় কেপ ভার্দেও। ম্যাচের ৫৩ মিনিটে তারা প্রথম কোনো শট লক্ষ্যে রাখতে সক্ষম হয়। বক্সের ঠিক বাইরে থেকে লারোস দুয়ার্তে একটি জোরালো শট নেন। যা বাম পাশে ঝাঁপিয়ে পড়ে তা ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এ যাত্রায় দলকে বাঁচিয়ে দিলেও পরের আক্রমণ ঠেকাতে পারেননি তিনি।
ম্যাচের ৫৯ মিনিটে রায়ান মেন্ডেস বলটি লারোস দুয়ার্তের দিকে কাটব্যাক করেন, যিনি আর্জেন্টিনার রক্ষণভাগের নজর এড়িয়ে ফাঁকা জায়গা পেয়ে যান। লিসান্দ্রো মার্তিনেজ দ্রুত তাকে চাপ দিতে এগিয়ে আসেন, তবে দুয়ার্তে ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে জোরালো শট নেন এবং এমি মার্তিনেজকে পরাস্ত করে বল পাঠান নিচের কোণায়। তাতে ১-১ ব্যবধানে সমতায় ফেরে কেপ ভার্দে।
গোল হজমের পর ব্যবধান বাড়ানোর সুযোগ পান মেসি। ম্যাচের ৬৩ মিনিটে তিনি দ্রুতগতিতে একাই গোলের দিকে এগিয়ে যান এবং ডান পায়ে জোরালো শট নেন। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে আবারও দুর্দান্ত ভূমিকা রাখেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। অসাধারণ এক সেভ করে তিনি মেসির প্রচেষ্টা রুখে দেন এবং দলকে আরও একবার বিপদের হাত থেকে বাঁচান।
এরপর আরও একবার নিশ্চিত গোল থেকে দলকে বাঁচান ভোজিনহা। ম্যাচের ৭৩ মিনিটে মেসি সবাইকে চমকে দিয়ে দ্রুত ফ্রি-কিক নেন। এমনকি ভোজিনহা প্রস্তুতি শেষ করতে পারেননি। সেই সুযোগ কাজে লাগাতে বলটি দূরের কোণায় জালে পাঠানোর চেষ্টা করেন তিনি। বলটি প্রায় জালে জড়িয়েই যাচ্ছিল, কিন্তু ৪০ বছর বয়সী ভোজিনহা দুর্দান্ত ক্ষিপ্রতায় বাঁ দিকে ঝাঁপিয়ে বলটি ফিরিয়ে দেন।
ম্যাচের ৮০ মিনিটে রক্ষণাত্মক হস্তক্ষেপে একটি নিশ্চিত গোল রুখে দেন পিকো লোপেস। তার দুর্দান্ত ইন্টারসেপশনের কারণে ক্রসটি এনজো ফার্নান্দেজের কাছে পৌঁছাতে পারেনি, যিনি ফাঁকায় বল জালে জড়াতে অপেক্ষায় ছিলেন। ইনজুরি টাইমে বক্সের বাইরে থেকে লিয়ান্দ্রো পারেদেসের ডান পায়ের শটটি ঠেকিয়ে দেন ভোজিনহা।
ইনজুরি টাইমে (৯০+৫) বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন মেসি। ফ্রি-কিক থেকে মেসির নেওয়া শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন হলেও শেষ পর্যন্ত তা রুখে দেন ভোজিনহা। শেষ পর্যন্ত আর কোনো সুযোগ আসেনি দুই দলের সামনে। তাতে নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকায় ম্যাচটি এখন অতিরিক্ত সময়ে গড়িয়েছে। দুই অর্ধে ১৫ মিনিট করে ৩০ মিনিট খেলা হবে। অতিরিক্ত সময়ে ফল না এলে টাইব্রেকারে গড়াবে ম্যাচ।
এসজি/