বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে মিশর। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন ইমাম আশুর।
শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ১২টায় ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। তবে ক্রিস্টিয়ান ভোলপাতোর বাঁ পায়ের শট ক্রসবারে লেগে ফিরে আসে। সেই সুযোগ হাতছাড়া করার মূল্যও দ্রুতই দিতে হয় তাদের।
১৩তম মিনিটে ফ্রি-কিক থেকে সরাসরি শট না নিয়ে ছোট পাসে বল ইমাম আশুরের কাছে বাড়িয়ে দেন মোহাম্মদ সালাহ। আশুরের প্রথম শটটি প্রতিপক্ষের ডিফেন্ডার ব্লক করলেও বল পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি অস্ট্রেলিয়ার রক্ষণভাগ। পরের আক্রমণে বক্সে ভেসে আসা ক্রসে পেছনের পোস্টে থাকা আশুর দারুণ এক হেডে বল জালে জড়িয়ে মিশরকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় অস্ট্রেলিয়া। এইডেন ও’নিলের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ৩৫তম মিনিটে বক্সের বাঁ দিক থেকে আজিজ বেহিচের নেওয়া বাঁ পায়ের শট দারুণ দক্ষতায় রুখে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর। প্রথমার্ধের শেষ দিকে অস্ট্রেলিয়ার আরও একটি আক্রমণ ব্যর্থ হলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় মিশর।
এসজি/