বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের মায়ামিতে ঝড়-বৃষ্টির আশঙ্কা দেখে দিয়েছে। এই কারণে ম্যাচে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক রয়েছে আয়োজকরা।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার (৪ জুন) ভোর ৪টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। ম্যাচের আগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো বজ্রপাতের আশঙ্কা।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সকালে আকাশ বেশিরভাগ সময়ই ঘন মেঘে ঢাকা ছিল। কখনো কালো মেঘে আকাশ ভারী হয়ে উঠলেও মাঝেমধ্যে মেঘ সরে সূর্যের দেখাও মিলেছে। বিকেলে আর্দ্র আবহাওয়ার সঙ্গে থেমে থেমে রোদ, মেঘ ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি বজ্রপাত শনাক্ত হয়, তাহলে সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করা হবে এবং মাঠে কোনো খেলোয়াড় বা কর্মকর্তা অবস্থান করতে পারবেন না। সে ক্ষেত্রে বিশ্বকাপের নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুযায়ী ম্যাচ সাময়িকভাবে স্থগিত করা হবে।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিধিমালা অনুযায়ী, স্টেডিয়ামের ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত হলে খেলা অন্তত ৩০ মিনিটের জন্য বন্ধ রাখতে হবে। শুধু খেলোয়াড়দেরই নয়, গ্যালারিতে উপস্থিত দর্শকদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। তবে এই ৩০ মিনিটের মধ্যে আবারও বজ্রপাত হলে অপেক্ষার সময় নতুন করে গণনা শুরু হবে। ফলে আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করবে ম্যাচ কতক্ষণ বন্ধ থাকবে।
এমন পরিস্থিতিতে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ শুরুর আগে মায়ামির আবহাওয়ার দিকে নজর থাকবে সবার। যদি ম্যাচ সাময়িকভাবে স্থগিত হয়, তাহলে খেলা পুনরায় শুরু করার আগে দুই দলকে প্রায় পাঁচ মিনিটের ওয়ার্ম-আপ করার সুযোগ দেওয়া হবে। সূত্র: টিওয়াইসি স্পোর্টস
এসজি/