কেপ ভার্দের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। কিন্তু বিরতি থেকে ফিরেই চমক দেখাল কেপ ভার্দে। লারোস দুয়ার্তের গোলে আর্জেন্টিনার বিপক্ষে সমতায় ফিরেছে তারা।
শনিবার (৪ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা।
আক্রমণ চালিয়ে ২৯ মিনিটে প্রথম সাফল্য পায় লিওনেল স্কালোনির শিষ্যরা। লিসান্দ্রো মার্টিনেজের লম্বা পাস বক্সের ভেতর দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ভোজিনহাকে পরাস্ত করেন লিওনেল মেসি। আর তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
এরপর ৪৪ মিনিটে বক্সের ঠিক বাইরে বল পান এনজো ফার্নান্দেজ। বল পেয়েই জোরালো শট নেন তিনি। তবে ঝাঁপিয়ে পড়ে তা ঠেকিয়ে দিয়ে কেপ ভার্দেকে বিপদমুক্ত করেন ভোজিনহা। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বর্তমান চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে আর্জেন্টিনা। তবে ম্যাচে ফেরার চেষ্টা চালায় কেপ ভার্দেও। ম্যাচের ৫৩ মিনিটে তারা প্রথম কোনো শট লক্ষ্যে রাখতে সক্ষম হয়। বক্সের ঠিক বাইরে থেকে লারোস দুয়ার্তে একটি জোরালো শট নেন। তবে বাম পাশে ঝাঁপিয়ে পড়ে শটটি ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এ যাত্রায় দলকে বাঁচিয়ে দিলেও পরের আক্রমণ ঠেকাতে পারেননি তিনি।
ম্যাচের ৫৯ মিনিটে রায়ান মেন্ডেস বলটি লারোস দুয়ার্তের দিকে কাটব্যাক করেন, যিনি আর্জেন্টিনার রক্ষণভাগের নজর এড়িয়ে ফাঁকা জায়গা পেয়ে যান। লিসান্দ্রো মার্তিনেজ দ্রুত তাকে চাপ দিতে এগিয়ে আসেন, তবে দুয়ার্তে ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে জোরালো শট নেন এবং এমি মার্তিনেজকে পরাস্ত করে বল পাঠান নিচের কোণায়। তাতে সমতায় ফেরে কেপ ভার্দে।
এসজি/