নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর মিশর-অস্ট্রেলিয়া ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে অতিরিক্ত সময়েও কোনো দলই ব্যবধান গড়তে পারেনি। ফলে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে।
অতিরিক্ত সময়ের শুরুতেই অস্ট্রেলিয়ার রক্ষণভাগ বক্সের ভেতর থেকে বল ক্লিয়ার করলে দ্রুত সেখানে পৌঁছে যান মোহাম্মদ সালাহ। তবে বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে তিনি তাড়াহুড়ো করেন, ফলে তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়ে অনেক ওপর দিয়ে চলে যায়।
১০৮ মিনিটে বক্সের বাইরে থেকে মারওয়ান আত্তিয়ার নেওয়া ডান পায়ের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন অস্ট্রেলিয়ান গোলরক্ষক প্যাট্রিক বিচ।
১১৩ মিনিটে আবারও আলোচনায় আসেন সালাহ। বক্সে বল পেয়ে তিনি নান্দনিক দৌড় ও চমৎকার ফুটওয়ার্কে ডিফেন্ডারদের পাশ কাটানোর চেষ্টা করেন। তবে তার সেই প্রচেষ্টা থামিয়ে দেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি সাউটার।
শেষ মুহূর্তে গোলরক্ষক পরিবর্তন করে অস্ট্রেলিয়া। প্যাট্রিক বিচের পরিবর্তে মাঠে নামেন ম্যাথিউ রায়ান।
অতিরিক্ত সময়ের শেষ দিকে একটি ফ্রি-কিকের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি অস্ট্রেলিয়া। ফলে অতিরিক্ত সময়ও শেষ হয় ১-১ সমতায়।
সব মিলিয়ে নাটকীয় ম্যাচের পর এখন টাইব্রেকারে নির্ধারণ হবে শেষ ষোলোতে কারা জায়গা করে নেবে।
এসজি/