ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর এক আবেগঘন মুহূর্তের জন্ম দিয়েছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। ড্যালাসের মাঠে টাইব্রেকারে রোমাঞ্চকর জয়ের পরপরই তিনি মাঠে ফিলিস্তিনের জাতীয় পতাকা উঁচিয়ে ধরেন এবং এই ঐতিহাসিক অর্জন ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করেন।
শুক্রবার (স্থায়ী সময়) অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো বা রাউন্ড অব ১৬-এ জায়গা করে নেয় 'ফারাও' খ্যাত মিশর।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে হোসাম হাসান বলেন, 'আমার হৃদয় ও আত্মা সর্বদা তাদের সাথেই রয়েছে। ঈশ্বর ফিলিস্তিনের শহীদদের ওপর রহমত বর্ষণ করুন।' সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটার) ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় তাকে আরও বলতে শোনা যায়, 'আমি এই ঐতিহাসিক জয় মিশরীয় জনগণের পাশাপাশি ফিলিস্তিনের সেই ভালো ও উদার মনের মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।'
আজহার/