অতিরিক্ত সময়ের নাটকীয়তায় কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচজুড়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হলেও শেষ মুহূর্তে একাধিক দুর্দান্ত সেভ করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস।
ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় মার্তিনেস বলেন, এই ধরনের কঠিন ম্যাচ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। তবে দুই গোল হজম করায় নিজের হতাশার কথাও জানান তিনি।
‘ওদের দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ। কিন্তু প্রথম গোলটি আমি ঠেকাতে পারতাম। দলকে এমন কঠিন পরিস্থিতিতে পড়তে না দিতে আমার আরও ভালো করতে হবে। ক্লিন শিট রাখতে না পারায় আমি হতাশ।’ বলেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক।
রক্ষণভাগের উন্নতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে তিনি বলেন, ‘আমরা রক্ষণ সামলাই, তাই কোথায় ভুল হয়েছে এবং কীভাবে আরও ভালো করা যায়, সেটি নিয়ে কাজ করতে হবে। এই ভুলগুলোই ভবিষ্যতের ম্যাচে আমাদের আরও শক্তিশালী করবে।’
চাপের মুহূর্তে লড়াই করে ঘুরে দাঁড়ানোর মানসিকতার ওপর বিশেষ গুরুত্ব দেন মার্তিনেস। এ প্রসঙ্গে তিনি ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অভিযানের কথা স্মরণ করেন।
তার ভাষ্যে, ‘কাতারে সৌদি আরব, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস এবং ফ্রান্সের বিপক্ষে আমাদের কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। বড় টুর্নামেন্টে সফল হতে হলে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করার মানসিকতা থাকতে হবে।’
শেষে তিনি বলেন, ‘আজকের ম্যাচ ছিল এই বিশ্বকাপে আমাদের প্রথম বড় পরীক্ষা। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ আসবে, তবে আমাদের সেই অভিজ্ঞতা আছে এবং আমরা জানি কীভাবে শেষ পর্যন্ত লড়াই করে যেতে হয়।’
মঙ্গলবার (৭ জুলাই) শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে নিজেদের পারফরম্যান্স আরও নিখুঁত করে তুলতেই এখন মনোযোগ দিচ্ছেন মার্তিনেস ও তার সতীর্থরা।
পাপ্পু/এএফ