জোড়া ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভেনিজুয়েলা। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬৪৫ জন। আহত ১২ হাজার ৬৬৬ জনের আর্তনাদে ভারী হয়ে উঠেছে দেশটির হাসপাতালগুলো।
শুক্রবার (৩ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভেনিজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ছয় হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৮৬ হাজার ১১৭টি পরিবারকে সহায়তা দেয়া হয়েছে। এই ভূমিকম্পে ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৮৯টি কাঠামো ধসে পড়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় ৩৩০০ জনেরও বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। কারাকাসে ত্রাণ কার্যক্রমের জন্য মোতায়েন করা হয়েছে প্রায় ৩০ হাজার কর্মী ।
মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, এখন পর্যন্ত ৮৯০টি আফটারশক হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, গত ২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুইটি ভূমিকম্প আঘাত হানে।
৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাচুই রাজ্যের ইউমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আঘাত হানে। অন্যদিকে, ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি একই রাজ্যের সান ফেলিপে থেকে ২৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হানে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি
এএফ/