উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী, সুদৃঢ় ও স্থিতিশীল উন্নয়নের দিকে এগিয়ে নিতে প্রস্তুত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
রবিবার (৫ জুলাই) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানায়।
জুন মাসে সি জিনপিংয়ের উত্তর কোরিয়া সফরে দুই নেতার মধ্যে এ বার্তা বিনিময় হয়। এ সফরে তারা কোরিয় উপদ্বীপে বাড়তে থাকা উত্তেজনা এবং রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার করেন।
কেসিএনএর খবরে বলা হয়, ১ জুলাই চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য কিম জং উনকে ধন্যবাদ জানিয়ে একটি বার্তা পাঠান শি জিনপিং।
এ বার্তায় চীনা প্রেসিডেন্ট বলেন, কিমের শুভেচ্ছা বার্তা থেকে উত্তর কোরিয়ার নেতা, দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি এবং জনগণের পক্ষ থেকে চীনের প্রতি আন্তরিক ও উষ্ণ অনুভূতির প্রকাশ ঘটেছে।
তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টি এবং কোরিয়ার ওয়ার্কার্স পার্টি- উভয়ই মার্কসবাদী আদর্শে পরিচালিত ক্ষমতাসীন দল। দীর্ঘদিন ধরে দুই দেশ স্বাধীনতা অর্জনের সংগ্রামে একে অপরের পাশে থেকেছে এবং প্রজন্মের পর প্রজন্ম সমাজতান্ত্রিক আদর্শকে এগিয়ে নিতে এক সঙ্গে কাজ করেছে।
এ ছাড়াও পিয়ংইয়ং সফরের প্রসঙ্গ তুলে শি জিনপিং কিমের আন্তরিক ও উষ্ণ আতিথেয়তার জন্যও ধন্যবাদ জানান।
এ দিকে, উত্তর কোরিয়া সম্প্রতি রাশিয়ার সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করেছে। ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানে সহায়তার জন্য পিয়ংইয়ং সৈন্য ও গোলাবারুদ পাঠিয়েছে বলে জানা গেছে।
তবে, এসবের মধ্যেও চীনই উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার। দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ও অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে উত্তর কোরিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯৮ শতাংশই চীনের সঙ্গে হয়েছে।
থিওটোনিয়াস/