বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারলেও নিজেদের পারফরম্যান্সে গর্বিত কেপ ভার্দের কোচ বুবিস্তা। তার মতে, ফল নিজেদের পক্ষে না এলেও বিশ্বমঞ্চে দলটি দেশের মর্যাদা উজ্জ্বল করেছে।
ম্যাচ শেষে বুবিস্তা বলেন, ‘আমরা আমাদের দেশের মর্যাদাকে উঁচিয়ে ধরেছি। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আমরা দুইবার সমতায় ফিরেছি এবং ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে গেছি। সবকিছুর চেয়ে বড় কথা, আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত, যারা বিশ্বকাপে বীরত্বের সঙ্গে লড়েছে। আমরা আমাদের পরিচয় ফুটিয়ে তুলতে পেরেছি।’
অতিরিক্ত সময়ের শুরুতেই লিওনেল মেসির কর্নার থেকে পাওয়া বল জোরালো শটে জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন সেন্টার-ব্যাক লিসান্দ্রো মার্তিনেস। তবে কেপ ভার্দে হাল ছাড়েনি। ১০৩তম মিনিটে বাম দিক থেকে ভেতরে কেটে এসে ডান পায়ের দুর্দান্ত বাঁকানো শটে গোল করে আফ্রিকার দলটিকে আবারও সমতায় ফেরান সিডনি লোপেস কাবরাল।
ম্যাচ যখন টাইব্রেকারের দিকেই এগোচ্ছিল, ঠিক তখনই ভাগ্য আর্জেন্টিনার পক্ষে কথা বলে। শেষ মুহূর্তে বোর্হেসের আত্মঘাতী গোলে ৩-২ গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। এরপরও কেপ ভার্দে শেষ চেষ্টা চালালেও ভাগ্য সহায় ছিল না তাদের। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস পরপর দুটি দুর্দান্ত সেভ করে তৃতীয়বারের মতো সমতায় ফেরার স্বপ্ন ভেঙে দেন আফ্রিকান দলটির।
পাপ্পু/এএফ