বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের এই ম্যাচে দুইবার স্তব্ধ করে দিয়েছিল ছোট্ট আফ্রিকান দেশটি। তবে শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।
ম্যাচ শেষে দলটির কোচ লিওনেল স্কালোনি মনে করিয়ে দিলেন-নকআউট পর্বের কোনো ম্যাচই সহজ নয়।
ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘যারা বলেছিলেন ড্রতে আমরা সহজ প্রতিপক্ষ পেয়েছি, এই ম্যাচটি ছিল তাদের জন্য একটি বার্তা। আমরা অবশ্যই জয় এবং পরবর্তী রাউন্ডে ওঠার যোগ্য ছিলাম। তবে ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও কঠিন।’
সামর্থ্যের বিচারে যোজন যোজন পিছিয়ে থাকা কেপ ভার্দে শুরু থেকেই চাপে রাখে বিশ্বচ্যাম্পিয়নদের। দুইবার সমতায় ফিরে তারা ম্যাচটিকে অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নেয়।
তবে নিজেদের খেলোয়াড়দের লড়াকু মানসিকতার প্রশংসা করে স্কালোনি বলেন, ‘ম্যাচ শেষে ছেলেরা পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল। আমাদের কিছু জায়গায় উন্নতির সুযোগ আছে, তবে আজ দল অসাধারণ সহনশীলতা দেখিয়েছে। অতিরিক্ত সময় খেলতে হওয়ায় সবাইকে অনেক বেশি দৌড়াতে হয়েছে, কয়েকজনের পায়ে খিঁচুনিও ধরেছিল। কিন্তু তারা হৃদয় উজাড় করে খেলেছে। এভাবেই যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। আজ দল তাদের চরিত্র ও সামর্থ্যের প্রমাণ দিয়েছে।’
অতিরিক্ত সময়ে কেপ ভার্দের দ্বিতীয় সমতাসূচক গোলের পর ম্যাচে অঘটনের আশঙ্কাও তৈরি হয়েছিল। লেফট-ব্যাক সিডনি লোপেস কাবরালের দুর্দান্ত বাঁকানো শটে ম্যাচে ফেরে আফ্রিকার দলটি।
সেই মুহূর্তের অনুভূতি জানিয়ে স্কালোনি বলেন, ‘আমি শুধু চাইছিলাম ম্যাচটা দ্রুত শেষ হোক। ওরা দারুণ একটি গোল করেছে। বাইরে থেকে আমাকে যতটা চিন্তিত দেখাচ্ছিল, ভেতরে আমি তার চেয়ে কিছুটা শান্ত ছিলাম। সবাই ভেবেছিল আমরা সহজেই জিতব, কিন্তু আমরা জানতাম কাজটা মোটেও সহজ হবে না।’
পাপ্পু/এএফ