ক্রীড়াঙ্গনে অসম্ভব বলে কিছু নেই, বিশেষ করে ফুটবলে। ৯০ মিনিটের খেলায় ঘটে যায় অনেক প্রত্যাশিত এবং অপ্রত্যাশিত ঘটনা। ২০২৬ বিশ্বকাপে ইতিমধ্যে ঘটেছে এমন অনেক কিছু। সামনে কি অপেক্ষা করছে? এটা সময়-ই বলে দিবে। তবে বিশ্বকাপের মঞ্চ এখনই যে বড় চিত্র ভেসে উঠেছে, সেটা যদি পুরোপুরি স্পষ্ট হয়ে উঠে তাহলে কিন্তু ফুটবল জ্বরে ফেটে পড়বে থার্মোমিটার!
কি সেই চিত্র? আসুন দেখে নেওয়া যাক তা। ধরা যাক, বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের কথা। কে হতে পারে এই ম্যাচের পক্ষ-প্রতিপক্ষ? সম্ভাবনা রয়েছে ব্রাজিল-নরওয়ে, মেক্সিকো-ইংল্যান্ড, আর্জেন্টিনা-মিসর এবং সুইজারল্যান্ড-কলম্বিয়ার। শেষ ষোলোর এই চার ম্যাচের চার জয়ী দল লড়বে কোয়ার্টার ফাইনালে। আর কোয়ার্টার ফাইনালে জয়ী দুই দলের দেখা হবে সেমিফাইনালে।
আগামী ১৫ জুলাই রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আটালান্টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। বিধাতা যদি চান ফুটবলের যুদ্ধ ছড়িয়ে দিবেন সারা বিশ্বে, তাহলে এই ম্যাচে দেখা হয়ে যেতে পারে আর্জেন্টিনা-ব্রাজিলের। সেক্ষেত্রে লাতিন আমেরিকার দুই দলকেই টপকাতে হবে শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালের বাধা।
প্রথম যুদ্ধের পর কি দ্বিতীয় যুদ্ধও বাধিয়ে দিবেন ফুটবল ঈশ্বর? যদি তাই সৃষ্টিকর্তার ইচ্ছা, তাহলে বিশ্বকাপ ফাইনালে তিনি মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
আগামী ১৯ জুলাই ফাইনালের ভেন্যু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। শিরোপা সামনে রেখে লড়তে সব পথ পেরিয়ে এই সূচি নিশ্চিত করতে হবে আর্জেন্টিনা-পর্তুগালকে। যদি তাই হয়, তাহলে বিশ্বকাপে এটাই হবে মেসি-রোনালদোর প্রথম ও শেষ সাক্ষাৎ। বিশ্বকাপের ২৩তম আসরে কি হবে এমন পাগলাটে কিছু, যেখানে থাকবে আর্জেন্টিনা-ব্রাজিল সেমিফাইনাল এবং আর্জেন্টিনা-পর্তুগাল ফাইনাল।
অনিক/