বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও নরওয়ে। রবিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়েছিল ব্রাজিল। কিন্তু শেষ পর্যন্ত এশিয়ার দলটিকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলে জিতে শেষ ষোলোতে জায়গা করে নেয় নরওয়ে।
কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে এবার মুখোমুখি হবে নরওয়ে-ব্রাজিল। তবে নরওয়ের বিপক্ষে অতীতের পরিসংখ্যান ব্রাজিলের জন্য স্বস্তিদায়ক নয়। এর আগে, চারবারের দেখায় নরওয়ে দুটি ম্যাচ জিতেছে ও দুটি ড্র করেছে। অর্থাৎ, তাদের বিপক্ষে এখনো জয় পায়নি ব্রাজিল। তবে এবার সেই রেকর্ড ভাঙতে চায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এদিকে, শেষ আটে উঠার লড়াইয়ে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার নরওয়ের বিপক্ষে ব্রাজিলকেই এগিয়ে রাখছে।
সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৪.২ শতাংশ এবং নরওয়ের জয়ের সম্ভাবনা ২১.৮ শতাংশ। আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ। সব মিলিয়ে ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ৬৭.৪ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ৩২.৬ শতাংশ।
এসজি/