শ্রীলঙ্কার কারাগারে দ্বিতীয় দিনের মতো চলা সংঘর্ষে বন্দি ও কারারক্ষীসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) নেগোম্বো কারাগারে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের গুলি চালায় বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম।
স্থানীয় সংবাদমাধ্যম 'আদা দেরানা' জানায়, নিহতদের মধ্যে ৫ জন কারা কর্মকর্তা এবং ২০ জন বন্দি।
সংবাদমাধ্যমটি আরও জানায়, এই সংঘর্ষে প্রায় ১০০ জনের মতো মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
দ্বীপরাষ্ট্রটির পশ্চিম উপকূলে অবস্থিত নেগোম্বো কারাগারে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর বন্দি ও কারা কর্মকর্তাদের মধ্যকার এই সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সেখানে সেনা মোতায়েন করেছে বলে জানিয়েছে নিউজ ওয়ার।
প্রতিবেদনে আরও বলা হয়, বন্দি ও কারা কর্মকর্তাদের মধ্যে একটি বিরোধের জের ধরে এই উত্তেজনার সূত্রপাত। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে গত রবিবার হাজতি এবং সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই দিনের সংঘর্ষে ২ বন্দি নিহত এবং ৩৮ জন আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
কারাগারটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে ২ হাজার ৪১৭ জন বন্দি থাকা এই কারাগারের সংঘর্ষের মূল কারণ উদঘাটনে কারা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি
তামান্না রুপা/