প্রকৃতির রুক্ষতা ও গ্রীষ্মের তাপপ্রবাহে যখন ধরিত্রী তৃষ্ণার্থ, ঠিক তখনই ধূসর মেঘের ডানা মেলে আসে বর্ষা আর এই বর্ষার আগমনী বার্তা নিয়ে গাছে গাছে হাসে কদম ফুল। বর্ষার প্রথম কদম ফুল যেন মেঘের দেশে বার্তা পাঠায়। কদম ফুল বাংলা ও বাঙালি বর্ষার এক অনবদ্য প্রতীক। আষাঢ়ের প্রথম বৃষ্টি ও মেঘের গর্জনের সঙ্গে মিতালি করে ফোঁটা এই ফুলটি তার স্নিগ্ধ রূপ আর মিষ্টি সুবাসে প্রকৃতির এক মোহময় রূপ দান করে।
কদম ফুল কেবল একটি ঋতুর আগমনী বার্তা বহন করে না, বরং এটি আমাদের লোকজ সংস্কৃতি ও ভালোবাসার এক আবেগময় স্মারক। বর্ষার প্রথম কদম ফুল যেন মেঘদূতের দূত হয়ে বার্তা নিয়ে আসে। তাছাড়া আয়ুর্বেদ শাস্ত্রে কদম গাছের ছাল ও পাতার ব্যবহার রয়েছে। এটি জ্বর, ডায়রিয়া ও মুখের ঘা সরাতে আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়।
আরো পড়ুন: বৃষ্টির সময় ‘কই মাছ’ কেন মাটিতে উঠে আসে?
বর্ষা আর কদম ফুল যেন একে অপরের পরিপূরক। মেঘের গুরুগর্জন আর ঝুমঝুম বৃষ্টির ছন্দে কদমের ডালে ডালে ফুলে ওঠা হলুদ সাদা রঙের গোল গোল ফুলগুলো প্রকৃতিতে নিয়ে আসে অন্যরকম রোমান্টিকতা। কদম ফুলকে কেন্দ্র করেই বাংলা সাহিত্য ও কাব্য জগতে রচিত হয়েছে অসংখ্য অমর পঙ্ক্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি নিতে এসেছি শ্রাবনের গান’ বাঙালির মননে কদমকে চিরন্তন করেছে। বাংলা সাহিত্যে কদম ফুল প্রেম ও বিরহের প্রতীক হিসেবে বহুল ব্যবহৃত। রবীন্দ্রনাথের লেখায় বর্ষা ও কদম মিলেমিশে একাকার। কবিগুরু তার বিভিন্ন গানে ও কবিতায় বর্ষার আগমনী বার্তা নিয়ে কদমকে ফুটিয়ে তুলেছেন নিপুণভাবে। অন্যদিকে পল্লীকবি জসিমউদ্দীনের কবিতায় কদম ফুল হয়ে ওঠে পল্লী প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ।
বৃষ্টিস্নাত দিনে কদমের সুবাসিত স্নিগ্ধতা চারপাশের প্রকৃতিকে এক স্নিগ্ধ মায়ায় জড়িয়ে ফেলে। পাতার আড়ালে থাকা কদমকে বৃষ্টির ফোঁটাগুলো যখন ছুঁয়ে যায়, তখন মনে হয় যেন সবুজ গালিচায় মুক্তার দানা ছড়িয়ে আছে। বর্ষার আগমনী বার্তা, প্রেমিক হৃদয়ের আকুলতা আর প্রিয় মানুষের স্মৃতি জাগিয়ে তুলতে কদম ফুল ও বৃক্ষ এক অদ্ভুত আবেগের প্রতীক হিসেবে কাজ করে। বর্ষার প্রথম কদম ফুল মানেই প্রিয় মানুষের হাত ধরে বৃষ্টিতে ভেজার রোমান্টিক অনুভূতি। বৃষ্টিস্নাত বিকেলে বারান্দায় বসে প্রিয়জনকে নিয়ে স্বপ্ন বোনা যেন প্রতিটি প্রেমিক পুরুষের চিরাচরিত বৈশিষ্ট্য। ঝুম বৃষ্টির শব্দ আর কদম ফুলের ঘ্রাণ বিরহী মানুষের মনে প্রিয়জনের শূন্যতা তীব্র করে তোলে। দূর প্রবাসে থাকা প্রিয়জনের জন্য অপেক্ষায় থাকা মন কদম গাছের ডালে, বৃষ্টির কান্নায় নিজের বিষণ্নতা খুঁজে পায়।
কদম যেন প্রকৃতির এক অদ্ভুত ক্যানভাস, যার এক পাশে লুকিয়ে আছে ভালোবাসার স্নিগ্ধতা, আর অন্যপাশে রয়েছে বিরহের গভীর হাহাকার। বর্ষার দিনে তাই কদম ফুল হয়ে ওঠে মানব মনের অব্যক্ত সব অনুভূতির রূপক। গ্রামবাংলার প্রকৃতিতে বর্ষার কদম গাছের দৃশ্য আরও বেশি মোহনীয় হয়ে ওঠে। ঝুম বৃষ্টির মাঝে ছোট ছোট ছেলেমেয়ে কদম গাছের ডাল ধরে টানাটানি করে। মাটিতে ঝরে পড়া কদম ফুল কুড়িয়ে মালা গাঁথা বা খোপায় গুঁজে দেওয়া পল্লী বাংলার এক চিরায়ত রূপ। শহরের ইট-পাথরের খাঁচায় কদম হয়তো সচরাচর দেখা যায় না, তবে গ্রামের মেঠো পথে কদমের ঘ্রাণ এক অদ্ভুত নস্টালজিয়া তৈরি করে। বৃষ্টির দিনে কদম গাছের নিচে দাঁড়িয়ে থাকা, কিংবা ভিজে মাটিতে কদম ফুলের পাপড়ি ঝরে পড়ার দৃশ্যটি মানব মনকে মুহূর্তেই শৈশবের কোনো সোনালি দিনে ফিরিয়ে নিয়ে যায়।
বর্ষা আসে নবযৌবনা হয়ে, আর কদম তার পুষ্পাঞ্জলি নিয়ে তাকে বরণ করে নেয়। বৃষ্টির ছন্দপতন আর কদমের স্নিগ্ধ গান মিলেমিশে তৈরি করে এক মায়াবী আবহ, যা মানুষের মনকে বিষণ্নতা ও রোমান্টিকতার এক অপূর্ব মিশ্রণে ডুবিয়ে দেয়। কদম যেন বৃষ্টিস্নাত প্রকৃতিকে আরও মোহনীয় ও আকর্ষণীয় করে তোলে।
তারেক/
.jpg)