২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্পেন ও পর্তুগাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে প্রতিপক্ষের সবচেয়ে বড় শক্তি হিসেবে পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকেই দেখছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
গত বছর উয়েফা নেশনস লিগের ফাইনালে টাইব্রেকারে পর্তুগালের কাছে হারের স্মৃতি মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে স্পেন। আগের সেই ম্যাচ বিশ্লেষণ করে এবার ছোট ছোট ভুল এড়িয়ে যাওয়ার দিকেই জোর দিচ্ছেন স্প্যানিশ কোচ।
দে লা ফুয়েন্তে বলেন, ‘আগের ম্যাচটি আমরা আবারও বিশ্লেষণ করেছি। এমন বড় ম্যাচে ছোট ছোট বিষয়ই পার্থক্য গড়ে দিতে পারে। তাই প্রতিপক্ষকে যত ভালোভাবে জানা যাবে, আমাদের জন্য ততই সুবিধা হবে। এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের ম্যাচ। জিততে হলে আমাদের সেরাটা খেলতেই হবে।’
রোনালদোকে বড় হুমকি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘রোনালদো এমন একজন ফুটবলার, যাকে সবসময় নজরে রাখতে হয়। সে (রোনালদো) যেকোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। মাঠের নির্দিষ্ট কিছু জায়গায় সে থাকলে আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে।’
৪০ বছর বয়সী তারকা ফরোয়ার্ডের প্রশংসা করে স্পেন কোচ আরও বলেন, ‘তার মান ও ক্লাস এখনো অসাধারণ। সত্যি বলতে, ও যদি না খেলত তাহলে আমি আরও খুশি হতাম। তবে আমার ধারণা, সে খেলবে।’