ম্যাচের শেষ মুহূর্তে ঘটে যায় এক নাটকীয় ঘটনা। কাসেমিরোকে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। সেই পেনাল্টি নিতে যাওয়ার আগে নরওয়ের গোলকিপার ওরইয়ান নাইল্যান্ডের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন নেইমার।
ব্রাজিলের একটি টেলিভিশন অনুষ্ঠানে প্রকাশিত তথ্য অনুযায়ী, পেনাল্টি নেওয়ার আগে মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা করেন নেইমার। তিনি নাইল্যান্ডকে উদ্দেশ করে বলেন, ‘পেনাল্টিটা কোন দিকে মারব? তুমি কোন দিকে চাও?’
পুরো ম্যাচে একের পর এক দুর্দান্ত সেভ করা নিলান্ডও জবাব দিতে দেরি করেননি। তিনি বলেন, ‘পোস্টে মারো, পোস্টে মারো।’
নাইল্যান্ডের উত্তরে বিরক্ত হয়ে নেইমার বলেন, ‘আমার সঙ্গে এসব চলবে না। আমার সঙ্গে না। বেকুব!’ এরপর তিনি সফলভাবে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেন।
তবে ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিল ব্রাজিল। ১৪তম মিনিটে ব্রুনো গুইমারেসের নেওয়া স্পটকিক দারুণ দক্ষতায় রুখে দেন নাইল্যান্ড। সেই সেভই নরওয়েকে আত্মবিশ্বাস এনে দেয়। শুধু পেনাল্টি ঠেকানো নয়, ম্যাচজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে এগিয়ে রাখেন নরওয়ের এই গোলরক্ষক। শেষ পর্যন্ত ২–১ গোলের জয়ে মাঠ ছাড়ে নরওয়ে।