ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু সাঙ্গু নদীর উজানে ভ্রমণে সতর্কতা, আটকা দেড় শতাধিক পর্যটক নিম্নচাপের প্রভাবে হাতিয়ায় ফিরেছে শত শত মাছ ধরার ট্রলার পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র আজ বিশ্ব চুমু দিবস মেঘদূতের বার্তা নিয়ে আসে কদম চাঁদপুরে শর্টগান ও ১২ রাউন্ড গুলি জব্দ ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে দেশি-বিদেশি অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটিতে চাকরির সুযোগ, পদ ৩৫০ ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: রুমিন ফারহানা গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা, নিহত ৪ ইয়ামাল জানালেন তার কঠিন প্রতিপক্ষের নাম ধামরাইয়ে গ্যাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ পানছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, ৩ জন নিহত চারঘাট-বাঘায় কোনো কাঁচা রাস্তা থাকবে না: এমপি চাঁদ চিটাগাং চেম্বার সভাপতির সাথে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের মতবিনিময় শ্রীলঙ্কায় কারাগারে সংঘর্ষে নিহত ২৫, আহত শতাধিক ইনডোর প্লেগ্রাউন্ডগুলোর কাছে একজন মায়ের অনুরোধ বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ১ যুবকের মৃত্যু মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার পূর্বপ্রস্তুতি ও সতর্কতা জরুরি শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ কাজ করব: এমপি হাবীবা নওগাঁয় ছেলের হাতে বাবা খুন লংগদুতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ৭ স্বস্তি ফেরাতে পদক্ষেপ নিন মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত জীবননগরে বিএনপি নেতার ফোনালাপ ভাইরাল হলিউড স্টুডিওগুলোর এআই ব্যবহারের তথ্য জানতে চায় মিডজার্নি

লংগদুতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ৭

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:৩৬ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ পিএম
লংগদুতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ৭
ছবি: খবরের কাগজ

রাঙামাটির লংগদুতে মাহিন্দ্রা-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে চালকসহ আহত হয়েছেন আরও সাতজন । 

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার ইসলামাবাদ এলাকার নাজিম টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাইট্টাপাড়া থেকে দীঘিনালাগামী একটি মাহিন্দ্রা এবং সোনাই ৫ নম্বর এলাকা থেকে ছেড়ে আসা ওই অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লংগদুর রাবেতা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু রিফাতের মৃত্যু হয়।

আহত অন্যরা হলেন- অটোচালক বরকত আলী, আব্দুল, হাফিজুর, ইয়াসমিন, আলামিন ও রশিদ মিয়া। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, দুর্ঘটনায় শিকার যানবাহন দুটি জব্দের চেষ্টা চলছে। নিহতের স্বজনদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জিয়াউর রহমান/খাদিজা রুমি/

নিম্নচাপের প্রভাবে হাতিয়ায় ফিরেছে শত শত মাছ ধরার ট্রলার

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম
নিম্নচাপের প্রভাবে হাতিয়ায় ফিরেছে শত শত মাছ ধরার ট্রলার
ছবি: খবরের কাগজ

গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে নোয়াখালীর হাতিয়ায় মাছ শিকার কার্যত বন্ধ হয়ে গেছে। পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলায় উপজেলার উপকূলীয় বিভিন্ন এলাকার শত শত মাছ ধরার ট্রলার গভীর সাগর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। এতে চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েছেন জেলে ও ট্রলার মালিকরা।

সোমবার (৬ জুলাই) সরেজমিনে হাতিয়ার চেয়ারম্যানঘাট, বাংলাবাজার, বৌবাজার, কাজীর বাজার, সূর্যমুখী, রহমত বাজার, কাদিরা সুইজ, বুড়িরদোনা, জঙ্গলিয়া, রাতারখাল, এম আলী সুইজ, নিঝুমদ্বীপ, কাটাখালী, চরচেঙ্গা, তমরদ্দি, সুখচর ও নলচিরাসহ বিভিন্ন মাছঘাট ঘুরে দেখা যায়, শত শত মাছ ধরার ট্রলার সারিবদ্ধভাবে নোঙর করে রাখা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে জেলেরা গভীর সাগরে মাছ শিকারে যেতে পারছেন না।

জেলেরা জানান, ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আশানুরূপ ইলিশ ও অন্যান্য মাছ না পাওয়ায় অধিকাংশ ট্রলার লোকসানের মুখে পড়ে। সেই ক্ষতি পুষিয়ে নিতে অনেকেই ঋণ ও ধারদেনা করে আবার ট্রলার নিয়ে সাগরে যান। কিন্তু নিম্নচাপের কারণে সাগর উত্তাল হয়ে ওঠায় মাত্র দুই থেকে তিন দিনের মধ্যেই তাদের ফিরে আসতে হয়েছে। একটি ট্রলার সাগরে পাঠাতে এক লাখ থেকে চার লাখ টাকা পর্যন্ত ব্যয় হলেও সেই অর্থের বড় অংশই ওঠেনি।

ট্রলার মালিক আকবর হোসেন বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে দুই দফায় ট্রলার সাগরে পাঠিয়েছি। দুইবারই লোকসান হয়েছে। পরে ঋণ করে আবার ট্রলার পাঠালেও গভীর সাগরে উত্তাল ঢেউয়ের কারণে মাত্র দুই দিনের মাথায় ফিরে আসতে হয়েছে। এখন আবার ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি হওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূর্যমুখী এলাকার ট্রলার মাঝি মো. সেলিম বলেন, নিষেধাজ্ঞা শেষে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ট্রলার মালিকরা এমনিতেই লোকসানে ছিলেন। এর মধ্যে বৈরী আবহাওয়া পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। আবহাওয়া স্বাভাবিক হলে জেলেরা আবার সাগরে যেতে পারবেন বলে আশা করছি।

স্থানীয় মৎস্যসংশ্লিষ্টরা জানান, কয়েকদিন ধরে উত্তাল সাগর ও প্রতিকূল আবহাওয়ার কারণে মাছ শিকার কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। ফলে শুধু জেলেরাই নন, মাছের আড়ৎ, বরফকল, পরিবহন ও মাছ ব্যবসার সঙ্গে জড়িত হাজারো মানুষের জীবিকায়ও এর নেতিবাচক প্রভাব পড়েছে।

উল্লেখ্য, হাতিয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় সাত লাখ মানুষের বসবাস। সরকারি হিসাবে নিবন্ধিত জেলের সংখ্যা ২৫ হাজার ৯৯৫ জন। তবে মাছ ধরা, আড়ৎ, বরফকল, পরিবহন ও মাছ ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মানুষের সংখ্যা লক্ষাধিক। বৈরী আবহাওয়া অব্যাহত থাকলে তাদের আর্থিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

হানিফ/নাঈম

চাঁদপুরে শর্টগান ও ১২ রাউন্ড গুলি জব্দ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম
চাঁদপুরে  শর্টগান ও ১২ রাউন্ড গুলি  জব্দ
দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১/ ছবি: খবরের কাগজ

চাঁদপুরের মতলব উত্তর বেলতলি নয়াকান্দি এলাকায় প্লাস্টিকের ব্যাগ থেকে দুটি শর্টগান ও ১২ রাউন্ড গুলি জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে র‍্যাব-১১ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি জব্দ করে।

র‍্যাব সূত্রে জানা যায়, বেলতলি নয়াকান্দি এলাকার একটি মুরগির খামারে ঝোপের মধ্যে সন্দেহজনকভাবে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে রয়েছে, এমন খবরে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। জব্দ করা অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করা হবে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, জব্দ অস্ত্র ও গুলি এখনো থানায় জমা দেওয়া হয়নি। জমা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফয়েজ আহমেদ/তামান্না রুপা/

ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে দেশি-বিদেশি অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৪

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৪:০৬ পিএম
ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে দেশি-বিদেশি অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৪
গ্রেপ্তার চার আসামি। ছবি: খবরের কাগজ

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৬ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে পাকশী ইউনিয়নের চররূপপুর এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন, সুপ্ত ইসলাম জীবন (২৬), মো. বাঁধন ইসলাম (২৩), মো. শাকিল হোসেন (৩০) ও চঞ্চল ইসলাম নিরব (২৬)।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগজিন, ৫টি ব্যারেল, তিনটি স্লুইচ গিয়ার চাকু, একটি হাত চাপ ব্লেড, একটি ইলেকট্রিক সুটার, ৯টি মোবাইল ফোন, ১১টি সিমকার্ড, ১০০ এয়ারগান কার্তুজ এবং তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. ওয়াহিদুজ্জামান খবরের কাগজকে জানান, জব্দ বিদেশি পিস্তল, কার্তুজ, অস্ত্রের ব্যারেল, ম্যাগজিন, বিভিন্ন দেশীয় অস্ত্র, এয়ারগান কার্তুজ, মোটরসাইকেল ও গ্রেপ্তার ৪ আসামিকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান খবরের কাগজকে জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাদের পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

জাহাঙ্গীর হোসেন/থিওটোনিয়াস/

ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৬ পিএম
ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
ছবি: খবরের কাগজ

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ঈশ্বরগঞ্জে প্রথমবারের মতো যথাযোগ্য মর্যাদায় উদযাপিত  হয়েছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটির সূচনা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাসমিন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহাম্মেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কায়সার তালুকদার এবং সমবায় অফিসার শফিকুল ইসলাম আকন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে পল্লী উন্নয়নে বিশেষ অবদান ও সহায়তার অংশ হিসেবে ঋণ বিতরণ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিকে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ করা হয়।

ফয়সল আহমেদ/অন্তরা/

ধামরাইয়ে গ্যাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৪ পিএম
ধামরাইয়ে গ্যাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
ছবি: খবরের কাগজ

ঢাকার ধামরাইয়ে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সুতিপাড়া, সোমভাগ ও সানোড়াসহ তিন ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন। 

কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ‘ধামরাই পৌর শহরের গ্যাস সরবরাহ থাকলেও কালামপুর, গোয়ালদী, বাটুলিয়াসহ ১০ গ্রামে দীর্ঘদিন যাবৎ গ্যাস সরবরাহ পাচ্ছেন না গ্রাহকরা। গ্যাস সরবরাহ না পেলেও নিয়মিত বিল দিতে হচ্ছে। যদি বিল পরিশোধ না করা হয় তাহলে সংযোগ বিচ্ছিন্ন করে দেবে। কিন্তু আমরা রান্নার কাজে কোনো গ্যাসই পাই না।’

এ সময় তারা অভিযোগ করে বলেন, ‘ডাউটিয়া এলাকায় প্রতীক সিরামিক ও কালামপুর এলাকার করিম টেক্সটাইল নামে দুইটি কারখানায় অবৈধভাবে অতিরিক্ত বুস্টার সংযোগ দিয়ে গ্যাস টেনে নিয়ে যাওয়ায় সকাল-বিকেল কোনো সময় গ্যাস সরবরাহ পাচ্ছি না। এ বিষয়ে বার বার তিতাস গ্যাস কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি।’

গ্রাহকদের দাবি, আবাসিক লাইনে যে পর্যন্ত পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত তাদের গ্যাস বিল মওকুফ করতে হবে। সেই সঙ্গে গ্যাসের ব্যবহারভিত্তিক বিল আদায়ের জন্য আবাসিক সংযোগে গ্যাসের মিটার স্থাপনেরও দাবি জানান তারা।

মহাসড়ক অবরোধ করে মানববন্ধনের বিষয়টি জানার পর ঘটনাস্থলে আসেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন। তিনি আন্দোলনকারীদের উদ্যেশ্যে বলেন, এ বিষয় নিয়ে গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এমন আশ্বাসে বেলা ১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। 

আগামীতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না পেলে ঢাকা-আরিচা মহাসড়ক অচল করে দেওয়ার কথাও জানান আন্দোলনকারীরা।

এ বিষয়ে ধামরাই তিতাস গ্যাসের কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, কালামপুরের পরে কাওয়ালীপাড়া এলাকায় গ্যাসের চাপ কম থাকায় ঠিকমতো গ্যাস পাচ্ছে না গ্রাহকরা।

 রুহুল আমিন/খাদিজা রুমি/