ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
বাংলা কিউআর প্রচারে মার্কেন্টাইল ব্যাংকের র‌্যালি শেরপুরে শাশুড়ির ভরসায় পরীক্ষা দিলেন পুত্রবধূ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কাজের সুযোগ স্ত্রীকে হত্যা করে থানায় জিডি করতে এলেন স্বামী, তারপর... দারাজে ৭.৭ সুপার সেভিংস সেল: বিশাল ছাড়, জ্যাকপট পুরস্কার ও কেনাকাটার দারুণ সুযোগ হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু সাঙ্গু নদীর উজানে ভ্রমণে সতর্কতা, আটকা দেড় শতাধিক পর্যটক নিম্নচাপের প্রভাবে হাতিয়ায় ফিরেছে শত শত মাছ ধরার ট্রলার পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র আজ বিশ্ব চুমু দিবস মেঘদূতের বার্তা নিয়ে আসে কদম চাঁদপুরে শর্টগান ও ১২ রাউন্ড গুলি জব্দ ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে দেশি-বিদেশি অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটিতে চাকরির সুযোগ, পদ ৩৫০ ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: রুমিন ফারহানা গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা, নিহত ৪ ইয়ামাল জানালেন তার কঠিন প্রতিপক্ষের নাম ধামরাইয়ে গ্যাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ পানছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, ৩ জন নিহত চারঘাট-বাঘায় কোনো কাঁচা রাস্তা থাকবে না: এমপি চাঁদ চিটাগাং চেম্বার সভাপতির সাথে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের মতবিনিময় শ্রীলঙ্কায় কারাগারে সংঘর্ষে নিহত ২৫, আহত শতাধিক ইনডোর প্লেগ্রাউন্ডগুলোর কাছে একজন মায়ের অনুরোধ বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ১ যুবকের মৃত্যু মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার পূর্বপ্রস্তুতি ও সতর্কতা জরুরি শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ কাজ করব: এমপি হাবীবা নওগাঁয় ছেলের হাতে বাবা খুন

পার্বত্য তিন জেলায় বাঙালিদের আয়কর ছাড় ও বন্ধ ঋণ চালুর দাবি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম
পার্বত্য তিন জেলায় বাঙালিদের আয়কর ছাড় ও বন্ধ ঋণ চালুর দাবি
ছবি: খবরের কাগজ

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলায় বসবাসরত পিছিয়ে পড়া বাঙালিদের জন্যও আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় বন্ধ থাকা ব্যাংক ঋণ আগের মতো চালুর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। 

সোমবার (৬ জুলাই) সকালে বান্দরবান শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান এ দাবি জানান। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য আয়কর অব্যাহতির প্রস্তাবকে স্বাগত জানালেও, একই অঞ্চলে বসবাসরত বাঙালিদের এ সুবিধার বাইরে রাখায় বৈষম্য তৈরি হয়েছে।

একই সঙ্গে বাজারফান্ড এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু করারও দাবি জানান তিনি। 

সংগঠনটির দাবি, পার্বত্য অঞ্চলে শিক্ষা, চাকরি, ব্যবসা ও অর্থনৈতিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে পিছিয়ে থাকা বাঙালি জনগোষ্ঠীর জন্যও সমান সুযোগ নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপ প্রয়োজন। 

এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সংগঠনের নেতা ও জেলার বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

রিজভী রাহাত/খাদিজা রুমি/

শেরপুরে শাশুড়ির ভরসায় পরীক্ষা দিলেন পুত্রবধূ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম
শেরপুরে শাশুড়ির ভরসায় পরীক্ষা দিলেন পুত্রবধূ
শাশুড়ি সুফিয়া বেগমের কোলে নাতী সাইদা ফাতিহা।

শেরপুরে তিন মাস বয়সী এক শিশুকে শাশুড়ির কোলে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন জুঁই আক্তার নামে এক শিক্ষার্থী।

সোমবার (৬ জুলাই) শেরপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে দেখা যায় হৃদয়ছোঁয়া এ দৃশ্য।

এটি উপস্থিত শিক্ষক, পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রশংসা কুড়িয়েছে।

পরীক্ষার্থী জুঁই আক্তার শেরপুর মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে তার তিন মাস বয়সী মেয়েশিশু সাইদা ফাতিহাকে কোলে নিয়ে অপেক্ষা করছিলেন শাশুড়ি সুফিয়া বেগম।

পুত্রবধূ যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন, সে জন্যই শিশুটির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি।

সুফিয়া বেগম বলেন, ‘আমার ইচ্ছা, আমার ছেলের বউ পড়াশোনা শেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হবে। মা শিক্ষিত হলে তার সন্তানরাও শিক্ষিত হবে। তাই সংসারের কাজের চেয়ে আমি ওর পড়াশোনাকেই বেশি গুরুত্ব দিই।’

তিনি জানান, কামালপুর এলাকার বাসিন্দা তার ছেলে আব্দুর রহমানের সঙ্গে জুঁইয়ের বিয়ে হয় এসএসসি পরীক্ষার আগেই। তবে বিয়ের পরও কখনো পুত্রবধূর পড়াশোনায় বাধা দেননি। বরং সংসারের দায়িত্ব ভাগ করে নিয়ে নিয়মিত লেখাপড়া চালিয়ে যেতে সবসময় উৎসাহ দিয়েছেন।

পরীক্ষার্থী জুঁই বলেন, ‘আমার শাশুড়ি সবসময় আমাকে সাহস দিয়েছেন। আজও তিনি আমার শিশুকে দেখাশোনা করছেন বলেই আমি নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারছি। তার সহযোগিতা না থাকলে এত দূর আসা সম্ভব হতো না।’

শাকিল/রিফাত/

সাঙ্গু নদীর উজানে ভ্রমণে সতর্কতা, আটকা দেড় শতাধিক পর্যটক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম
সাঙ্গু নদীর উজানে ভ্রমণে সতর্কতা, আটকা দেড় শতাধিক পর্যটক
ছবি: খবরের কাগজ

বান্দরবানের থানচিতে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর উজানে পানি বেড়ে যাওয়ায় তিন্দু, রেমাক্রী ও নাফাখুম এলাকায় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার জন্য মৌখিক সতর্কতা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃষ্টিতে ওই এলাকায় দেড় শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

সোমবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই থেকে এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে সাঙ্গু নদীসহ আশপাশের ছোট ছোট পাহাড়ি ছড়াগুলোতে পানির প্রবাহ দ্রুত বেড়েছে। দুর্ঘটনার আশঙ্কায় আপাতত তিন্দু, রেমাক্রী ও নাফাখুমে পর্যটকদের ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে প্রশাসন।

এদিকে, তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন জানান, তিন্দুর বড় পাথর এলাকায় পর্যটকবাহী একটি নৌকা তীব্র স্রোতে ডুবে যায়। তবে নৌকার মাঝি আগে থেকেই পর্যটকদের নিরাপদে নামিয়ে দেওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

থানচি পর্যটক গাইড সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বলেন, সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় তিন্দু, রেমাক্রী ও নাফাখুম এলাকায় দেড় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। এর মধ্যে শুধু নাফাখুম এলাকাতেই সোমবার প্রায় ৭০ জন পর্যটক অবস্থান করছেন। তাদের সঙ্গে থানচি পর্যটক গাইড সমিতির সভাপতিও রয়েছেন। বৃষ্টি কমে নদীর পানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের ফিরে আসা সম্ভব হবে না।

তবে পর্যটক আটকা পড়ার বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।

তিনি বলেন, ‘অতিবৃষ্টিতে ছোট ছোট খাল এবং সাঙ্গু নদীর পানি দ্রুত বাড়ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য প্রাণহানি এড়াতে আপাতত তিন্দু, রেমাক্রী ও নাফাখুম ভ্রমণের বিষয়ে মৌখিক সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের এসব এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে।’

রিজভী রাহাত/অমিয়/

নিম্নচাপের প্রভাবে হাতিয়ায় ফিরেছে শত শত মাছ ধরার ট্রলার

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম
নিম্নচাপের প্রভাবে হাতিয়ায় ফিরেছে শত শত মাছ ধরার ট্রলার
ছবি: খবরের কাগজ

গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে নোয়াখালীর হাতিয়ায় মাছ শিকার কার্যত বন্ধ হয়ে গেছে। পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলায় উপজেলার উপকূলীয় বিভিন্ন এলাকার শত শত মাছ ধরার ট্রলার গভীর সাগর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। এতে চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েছেন জেলে ও ট্রলার মালিকরা।

সোমবার (৬ জুলাই) সরেজমিনে হাতিয়ার চেয়ারম্যানঘাট, বাংলাবাজার, বৌবাজার, কাজীর বাজার, সূর্যমুখী, রহমত বাজার, কাদিরা সুইজ, বুড়িরদোনা, জঙ্গলিয়া, রাতারখাল, এম আলী সুইজ, নিঝুমদ্বীপ, কাটাখালী, চরচেঙ্গা, তমরদ্দি, সুখচর ও নলচিরাসহ বিভিন্ন মাছঘাট ঘুরে দেখা যায়, শত শত মাছ ধরার ট্রলার সারিবদ্ধভাবে নোঙর করে রাখা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে জেলেরা গভীর সাগরে মাছ শিকারে যেতে পারছেন না।

জেলেরা জানান, ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আশানুরূপ ইলিশ ও অন্যান্য মাছ না পাওয়ায় অধিকাংশ ট্রলার লোকসানের মুখে পড়ে। সেই ক্ষতি পুষিয়ে নিতে অনেকেই ঋণ ও ধারদেনা করে আবার ট্রলার নিয়ে সাগরে যান। কিন্তু নিম্নচাপের কারণে সাগর উত্তাল হয়ে ওঠায় মাত্র দুই থেকে তিন দিনের মধ্যেই তাদের ফিরে আসতে হয়েছে। একটি ট্রলার সাগরে পাঠাতে এক লাখ থেকে চার লাখ টাকা পর্যন্ত ব্যয় হলেও সেই অর্থের বড় অংশই ওঠেনি।

ট্রলার মালিক আকবর হোসেন বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে দুই দফায় ট্রলার সাগরে পাঠিয়েছি। দুইবারই লোকসান হয়েছে। পরে ঋণ করে আবার ট্রলার পাঠালেও গভীর সাগরে উত্তাল ঢেউয়ের কারণে মাত্র দুই দিনের মাথায় ফিরে আসতে হয়েছে। এখন আবার ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি হওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূর্যমুখী এলাকার ট্রলার মাঝি মো. সেলিম বলেন, নিষেধাজ্ঞা শেষে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ট্রলার মালিকরা এমনিতেই লোকসানে ছিলেন। এর মধ্যে বৈরী আবহাওয়া পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। আবহাওয়া স্বাভাবিক হলে জেলেরা আবার সাগরে যেতে পারবেন বলে আশা করছি।

স্থানীয় মৎস্যসংশ্লিষ্টরা জানান, কয়েকদিন ধরে উত্তাল সাগর ও প্রতিকূল আবহাওয়ার কারণে মাছ শিকার কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। ফলে শুধু জেলেরাই নন, মাছের আড়ৎ, বরফকল, পরিবহন ও মাছ ব্যবসার সঙ্গে জড়িত হাজারো মানুষের জীবিকায়ও এর নেতিবাচক প্রভাব পড়েছে।

উল্লেখ্য, হাতিয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় সাত লাখ মানুষের বসবাস। সরকারি হিসাবে নিবন্ধিত জেলের সংখ্যা ২৫ হাজার ৯৯৫ জন। তবে মাছ ধরা, আড়ৎ, বরফকল, পরিবহন ও মাছ ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মানুষের সংখ্যা লক্ষাধিক। বৈরী আবহাওয়া অব্যাহত থাকলে তাদের আর্থিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

হানিফ/নাঈম

চাঁদপুরে শর্টগান ও ১২ রাউন্ড গুলি জব্দ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম
চাঁদপুরে  শর্টগান ও ১২ রাউন্ড গুলি  জব্দ
দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১/ ছবি: খবরের কাগজ

চাঁদপুরের মতলব উত্তর বেলতলি নয়াকান্দি এলাকায় প্লাস্টিকের ব্যাগ থেকে দুটি শর্টগান ও ১২ রাউন্ড গুলি জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে র‍্যাব-১১ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি জব্দ করে।

র‍্যাব সূত্রে জানা যায়, বেলতলি নয়াকান্দি এলাকার একটি মুরগির খামারে ঝোপের মধ্যে সন্দেহজনকভাবে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে রয়েছে, এমন খবরে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। জব্দ করা অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করা হবে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, জব্দ অস্ত্র ও গুলি এখনো থানায় জমা দেওয়া হয়নি। জমা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফয়েজ আহমেদ/তামান্না রুপা/

ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে দেশি-বিদেশি অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৪

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৪:০৬ পিএম
ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে দেশি-বিদেশি অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৪
গ্রেপ্তার চার আসামি। ছবি: খবরের কাগজ

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৬ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে পাকশী ইউনিয়নের চররূপপুর এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন, সুপ্ত ইসলাম জীবন (২৬), মো. বাঁধন ইসলাম (২৩), মো. শাকিল হোসেন (৩০) ও চঞ্চল ইসলাম নিরব (২৬)।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগজিন, ৫টি ব্যারেল, তিনটি স্লুইচ গিয়ার চাকু, একটি হাত চাপ ব্লেড, একটি ইলেকট্রিক সুটার, ৯টি মোবাইল ফোন, ১১টি সিমকার্ড, ১০০ এয়ারগান কার্তুজ এবং তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. ওয়াহিদুজ্জামান খবরের কাগজকে জানান, জব্দ বিদেশি পিস্তল, কার্তুজ, অস্ত্রের ব্যারেল, ম্যাগজিন, বিভিন্ন দেশীয় অস্ত্র, এয়ারগান কার্তুজ, মোটরসাইকেল ও গ্রেপ্তার ৪ আসামিকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান খবরের কাগজকে জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাদের পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

জাহাঙ্গীর হোসেন/থিওটোনিয়াস/