স্পেন ও পর্তুগালের মধ্যকার শেষ ষোলোর লড়াইকে ঘিরে বিশ্বকাপে উত্তেজনা তুঙ্গে। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এর আগে স্পেনের তরুণ তুর্কি লামিনে ইয়ামাল পর্তুগালের লেফট-ব্যাক নুনো মেন্দেসকে নিজের ক্যারিয়ারের ‘সবচেয়ে কঠিন প্রতিপক্ষ’ বলে উল্লেখ করেছেন।
এক সাক্ষাৎকারে ১৮ বছর বয়সী বার্সেলোনা উইঙ্গার ইয়ামাল বলেন, ‘নুনো মেন্দেস আমার মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। সে অসাধারণ একজন ফুটবলার। তার বিপক্ষে খেলতে ভালো লাগে, কারণ আমাদের লড়াইটা সবসময়ই ওয়ান-অন-ওয়ান।’
চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন ইয়ামাল। গতি, ড্রিবলিং ও চমৎকার পাসে প্রতিপক্ষের রক্ষণভাগে ফটল ধরিয়েছেন তিনি। শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের ৩-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তরুণ ফরোয়ার্ড।
অন্যদিকে, ইয়ামালের প্রশংসার জবাবে নুনো মেন্দেসও স্প্যানিশ তারকার সামর্থ্যের স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেন, ‘ওর বিপক্ষে খেলতে আমারও ভালো লাগে। ইয়ামাল একজন তরুণ কিন্তু অত্যন্ত মানসম্পন্ন খেলোয়াড়, যে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা যদি ওকে বল থেকে দূরে রাখতে পারি, সেটাই হবে আমাদের জন্য ভালো শুরু।’
ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে পর্তুগাল ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। অন্যদিকে, টুর্নামেন্টে ধারাবাহিক দারুণ পারফরম্যান্সে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছে স্পেন।
ফুটবল বিশ্লেষকদের মতে, স্পেন-পর্তুগাল ম্যাচের অন্যতম আকর্ষণ হবে ইয়ামাল ও মেন্দেসের ব্যক্তিগত দ্বৈরথ। আক্রমণে ইয়ামালের সৃজনশীলতা এবং রক্ষণে মেন্দেসের দৃঢ়তা-এই লড়াইয়ের ফলই ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পাপ্পু/অনিক/