রাজধানীর মুগদা এলাকা থেকে আরিফ হোসেন মিয়া (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার (৫ জুলাই ) সকাল ৯টার পর রাজধানীর মুগদা এলাকা থেকে আরিফ নিখোঁজ হন।
নিখোঁজ আরিফ নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। উত্তর মুগদা বড় মসজিদ এলাকায় ২০/৩ নম্বর বাসায় পরিবারের সঙ্গে বসবাস করেন।
নিখোঁজ আরিফের পরিবার জানায়, রবিবার সকালে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আরিফ নিখোঁজ হন। সোমবার (৬ জুলাই) এ ঘটনায় আরিফের বড় বোন জাহানারা আক্তার শিলা বাদী হয়ে মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির তথ্য অনুযায়ী, গত ৫ জুলাই সকাল ৯টা দিকে মুগদা থানার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মুগদা এলাকা থেকে আরিফ নিখোঁজ হন। মুগদা বাসা থেকে গোপীবাগ যাওয়ার পথে হেঁটে যাওয়ার সময় নিখোঁজ হন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আরও উল্লেখ করা হয়েছে, নিখোঁজ আরিফ শ্যামলা বর্ণের, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, চুলের রং কালো ও ছোট ছাঁটা এবং মুখে দাড়ি আছে।
ভুক্তভোগীর বড় বোন জাহানারা আক্তার শিলা খবরের কাগজকে বলেন, আমার ভাই টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাতো। এলাকায় তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, বাহিরে আড্ডা দেয় না। তিনি বলেন, রবিবার একটি চাকরির ইন্টারভিউ দিতে আরিফ বাসা থেকে বের হয়। কিন্তু কোথায় সেটি সে বলে যায়নি। রবিবার থেকে দুপুর থেকে আরিফের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মুগদাসজ আরিফের বন্ধু ও আত্মীয় স্বজনের বাসায় খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। রবিবার রাতেও আরিফ বাসায় ফেরেনি।
এবিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা ও মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আবু ইউসুফ মৃথা খবরের কাগজকে বলেন, সোমবার থানায় একটি জিডি করেছেন নিখোঁজ ব্যক্তির বড় বোন। আমরা তদন্ত করছি। আরিফ সর্বশেষ অবস্থান সূত্রাপুর পাওয়া গেছে। সেখান থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়েছে। আমরা গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তা নিয়ে তদন্ত করছি।
শেখ জাহাঙ্গীর/এএফ