সোনারগাঁ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ। ছবি: খবরের কাগজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় সোনারগাঁ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২০ হাজার গাছের চারা বিতরণের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচিতে প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ করার যে মহতী উদ্যোগ নিয়েছেন, সেই লক্ষ্যকে সামনে রেখে সোনারগাঁ উপজেলায় আমরা ২ লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছি।
আমি শিক্ষার্থীদের আহ্বান জানাবো, তোমরা আজকের এই চারা গাছগুলো নিজ নিজ বাড়িতে যত্নসহকারে রোপণ করবে। এই গাছই একদিন বড় হয়ে আমাদের অক্সিজেন দেবে, জীবন বাঁচাবে এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবে।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, উন্নয়নের পাশাপাশি প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর গৃহীত প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নে আমরা সোনারগাঁবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ার লক্ষ্যে পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী।
এসময় আরও বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমানসহ অনেকেই।
ইমরান/এএফ