২০২৬ ফিফা বিশ্বকাপে এক নজিরবিহীন ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বে তুমুল ঝড় তুলেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ ও ফোনালাপের পর মার্কিন তারকা স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে ফিফা। এর ফলে বেলজিয়ামের বিরুদ্ধে শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে খেলতে আর কোনো বাধা রইল না এই মার্কিন তারকার।
ফিফার এই আকস্মিক সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বেলজিয়াম। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন ফোলারিন বালোগান। ফিফার নিয়মানুযায়ী, সরাসরি লাল কার্ড দেখলে খেলোয়াড়কে পরবর্তী ম্যাচটিতে বাধ্যতামূলক নিষিদ্ধ থাকতে হয় এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল করার সুযোগ থাকে না।
তবে রবিবার (৫ জুন) সবাইকে চমকে দিয়ে ফিফার ডিসিপ্লিনারি কমিটি বালোগানের ওপর থেকে এই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করার ঘোষণা দেয়।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, লাল কার্ড পাওয়ার দিনই (গত বুধবার) ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে এই শাস্তি পুনর্বিবেচনার অনুরোধ জানান।
ফিফার এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ’সঠিক কাজটি করার জন্য এবং একটি বড় অবিচারকে উল্টে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ!’
অন্য দিকে, ফিফার এই বিতর্কিত ইউ-টার্নে ক্ষোভে ফেটে পড়েছে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।
এক বিবৃতিতে তারা জানায়, ফিফার নিজস্ব নিয়মকানুনের সম্পূর্ণ পরিপন্থি এই সিদ্ধান্তে তারা স্তম্ভিত।
বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলনে বলেন, ’আমি জানতাম না যে ফিফা বিশ্বকাপে ৫ই জুলাই এখন ১ এপ্রিলে পরিণত হয়েছে এবং আজ এপ্রিল ফুল দিবস!’ চলতি বিশ্বকাপে তিন গোল করা বালোগান সোমবার রাতে সিয়াটলে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার জন্য মার্কিন দলে ফিরছেন, যা স্বাগতিক যুক্তরাষ্ট্রের জন্য বড় অনুপ্রেরণা হলেও ফুটবলীয় নৈতিকতা ও ফেয়ার-প্লে নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। সূত্র: এনডিটিভি
আজহার/অমিয়/