বিশ্বকাপ ফুটবলের কারণে অন্য সব খেলাই আড়ালে পড়ে গেছে। একইভাবে আড়ালে পড়ে গেছে বাংলাদেশ দলের জিম্বাবুয়ের সফর। প্রথম টেস্টে হেরেছে বাজেভাবে আড়াই দিনে। কিন্তু এ নিয়ে খুব একটা আলোচনা-সমালোচনা নেই। আজ (৬ জুলাই) থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একইভাবে নেই কোনো রকম আলোচনা। শুধুমাত্র যারা খেলবেন, তাদের মাঝেই সীমাবদ্ধ। আবার তাদের মাঝেও প্রভাব ফেলেছে বিশ্বকাপ ফুটবল। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাজে অবস্থায় থাকার পরও ক্রিকেটাররা টিভিতে ঠিকই দেখেছেন বিশ্বকাপ ফুটবলের ম্যাচ। নিশ্চিতভাবে বলা যায় আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল রাতে তারা ব্রাজিল-নরওয়ের ম্যাচ দেখে থাকবেন।
বর্তমান সময়ে দুই দল যখনই খেলতে নামে পাল্লা বাংলাদেশের দিকেই ভারী থাকে বেশি। অধিকাংশ ম্যাচই জিতে। মাঝে মাঝে হারতেই পারে। কিন্তু হারের ধরনটা অতিমাত্রায় বাজে হওয়াতে চাপটা তাই একটু বেশিই। হারারে টেস্টে বাংলাদেশ উভয় ইনিংসেই বাজে ব্যাটিং করেছে। ২০০ রানের নিচে অলআউট হয়েছে। যে কারণে বাংলাদেশ এখন উল্টো চাপে। এই চাপ সরানোর একমাত্র ওষুধই হলো ম্যাচ জেতা এবং সেটা হারারেতে আজকের ম্যাচ থেকেই।
বাংলাদেশ টেস্ট ম্যাচে হেরেছিল পূর্ণ শক্তির দল না খেলাতে। বোলিংয়ে না খেলা তাসকিন-নাহিদ রানা-শরিফুল ওয়ানডেতে ফিরেছেন। এই তিনজনের অনুপস্থিতিতে এবাদত-খালেদ-হাসান মোটেই ভালো করতে পারেননি। তিনজনে মিলে ৬৭ ওভার বোলিং করে ২৬৬ রান দিয়ে উইকেট নেন মাত্র ২টি। বিপরীতে জিম্বাবুয়ের চার পেসার এনগারাবা-মুজারাবানি-নিয়ামাহুরি-ইভান্স মিলে ৯২.২ ওভার বোলিং করে ২০ উইকেট তুলে নেন ৩০৮ রান দিয়ে। দলে ফিরেছেন ইনজুরি কাটিয়ে লিটন দাসও।
দুই দলের মুখোমুখিতে বাংলাদেশ জিতেছে ৫১টিতে। জিম্বাবুয়ের জয় ৩০টি। সর্বশেষ ২৫ মোলাকাতে বাংলাদেশের জয় ২১টি, জিম্বাবুয়ের জয় ৪টি। দুই দেশ সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২২ সালে আগস্টে এই হারারেতেই। তিন ম্যাচের সিরিজ জিম্বাবুয়ে ২-১ ব্যবধানে জিতলেও শেষ ম্যাচ আবার জিতেছিল বাংলাদেশ।
টেস্টে বাংলাদেশ হেরেছিল আয়ারল্যান্ড-পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতার পর। একইভাবে ওয়ানডেতেও আছে জয়ের মাঝে। সর্বশেষ তারা সিরিজ জিতেছে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। সর্বশেষ মাঠে নেমেছিল গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অপরদিকে জিম্বাবুয়ে শেষ ওয়ানডে খেলেছিল গত বছর আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে হারারেতেই। প্রথম ম্যাচ জিতলেও শেষ দুই ম্যাচ হেরে সিরিজ হেরেছিল। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সঙ্গে টস করতে নামবেন জিম্বাবুয়ের ২৪তম ওয়ানডে অধিনায়ক হিসেবে রিচার্ড এনগারাবাভা।