পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন যে ২০২৬ ফিফা বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ।
রবিবার (৫ জুলাই) স্পেনের বিপক্ষে ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান সাংবাদিক মার্সেলো বেকলারকে জবাব দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি।
রোনালদোকে আন্তর্জাতিক ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটিই তার শেষ বিশ্বকাপ। ৪১ বছর বয়সি রোনালদো চলমান বিশ্বকাপে তার ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। যেখানে তিনি নকআউট পর্বে তার প্রথম গোলসহ তিনটি গোল করেছেন। সব মিলিয়ে, রোনালদো তার ক্যারিয়ারে বিশ্বকাপে মোট ১১টি গোল করেছেন।
তিনি অবসর নিয়ে বারবার করা প্রশ্নগুলোও নাকচ করে বলেন, তার একমাত্র লক্ষ্য হলো জাতীয় দলকে সাহায্য করা।
তিনি আরও বলেন, ‘আমি সবসময় জাতীয় দলকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি খেলি বা না খেলি, আমার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময়ই থাকবে।’
তিনি যোগ করেন, ‘আমি যখন চাইব তখনই অবসর নেব, আপনারা যখন চাইবেন তখন নয়। এই প্রশ্নটি বারবার করা সময়ের অপচয়। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগামীকাল।’
এটি তার শেষ বিশ্বকাপ হবে স্বীকার করলেও, রোনালদো স্পষ্ট করে দিয়েছেন যে পর্তুগাল শিরোপা জয়ের উচ্চাকাঙ্ক্ষা নিয়েই এখানে এসেছেন।
তিনি বলেন, ‘বিশ্বকাপ জেতার ধারণা যদি আমাদের না থাকতো, তাহলে আমরা এখানে আসতাম না। এটি একটি সুন্দর অভিজ্ঞতা। আমরা প্রতিটি ম্যাচেই উন্নতি করেছি।’
তিনি আরও বলেন, ‘এটা এমন একটা প্রতিযোগিতা যেখানে প্রতিটি ম্যাচে ভালো খেলা অসম্ভব, এটা কারও জন্যই সহজ নয়, শুধু দেখুন কারা ইতোমধ্যে বাদ পড়েছে। আমরা ভালোভাবে অনুশীলন করেছি, ভালোভাবে প্রস্তুতি নিয়েছি।’
থিওটোনিয়াস/