নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর প্রথমার্ধে ব্রুনো গিমারাইসকে দিয়ে পেনাল্টি নেওয়ানোর সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গুইমারেস। পরে ২–১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমরা আমাদের খেলোয়াড় এবং প্রতিপক্ষ-উভয়েরই প্রায় এক বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করেছি। জাতীয় দলে আমাদের সেরা পেনাল্টি টেকার নেইমার। এরপর রয়েছে ইগোর থিয়াগো, রাফিনহা, ব্রুনো গুইমারেস এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। সেই মুহূর্তে মাঠে থাকা খেলোয়াড়দের মধ্যে ব্রুনোই ছিল আমাদের সেরা পছন্দ। তাই তাকেই পেনাল্টি নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল।’
পেনাল্টির সময় নেইমার, ইগোর থিয়াগো ও রাফিনহা-তিনজনই ছিলেন বদলি বেঞ্চে। ফলে মাঠে থাকা খেলোয়াড়দের বিবেচনায় ব্রুনো গুইমারেসকে স্পট-কিকের দায়িত্ব দেন ব্রাজিল কোচ।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল করলেও ততক্ষণে ২–০ গোলে এগিয়ে যায় নরওয়ে। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি ব্রাজিল। ২–১ গোলের পরাজয়ে শেষ হয় তাদের বিশ্বকাপ অভিযান এবং ভেঙে যায় ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন।