২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলেও কোচ কার্লো আনচেলত্তির প্রতি আস্থা হারায়নি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংস্থাটির জাতীয় দলবিষয়ক নির্বাহী পরিচালক রদ্রিগো কায়েতানো জানিয়েছেন, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে থাকবেন ইতালিয়ান এই কোচ।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেওয়া এক সাক্ষাৎকারে কায়েতানো বলেন, ব্রাজিল এখন দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগোতে চায় এবং কোচ পরিবর্তনের কোনো চিন্তা তাদের নেই।
তিনি বলেন, ‘এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো স্থিতিশীলতা বজায় রাখা। ধৈর্য নিয়ে এগোতে হবে। আনচেলত্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন। প্রয়োজনীয় সমন্বয় করা হবে, তবে সামনে এগিয়ে যেতে এবং পরবর্তী বিশ্বকাপের প্রস্তুতি নিতে আমাদের শান্ত পরিবেশ দরকার।’
শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের হতাশা স্বীকার করলেও আনচেলত্তির অধীনে দলের অগ্রগতিকে ইতিবাচক হিসেবে দেখছেন কায়েতানো।
তার ভাষ্যে, ‘এই পরাজয়ের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারিনি। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং পুরো দলই ভীষণ হতাশ। তবে গত কয়েক সপ্তাহে সবাই যে নিষ্ঠা, পেশাদারিত্ব ও প্রতিশ্রুতি দেখিয়েছে, তা অস্বীকার করার সুযোগ নেই। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তারা নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে।’