মার্কিন ফরোয়ার্ড ফোলারিন ব্যালোগানের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা স্থগিত করে বিতর্কে জড়িয়েছে ফিফা। সিদ্ধান্তটি নিয়ে কড়া সমালোচনা করেছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার। তার মতে, রাজনৈতিক প্রভাবের কারণে ফুটবলের নিয়ম বদলানো উদ্বেগজনক।
বার্তা সংস্থা এএফপি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ফোনে কথা বলেন। তিনি ব্যালোগানের এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ জানান। এর পরই কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করে ফিফা। ফলে ২৫ বছর বয়সী এই মার্কিন স্ট্রাইকার শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারবেন।
ফিফার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন ব্লাটার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘রাজনৈতিক ফোন কলে লাল কার্ডের সিদ্ধান্ত কখনো বদলে যেতে পারে না।’
তিনি আরও লেখেন, ‘নিয়ম, প্রমাণ এবং স্বাধীন তদন্তের ভিত্তিতেই সিদ্ধান্ত পরিবর্তন হওয়া উচিত। একজন রাষ্ট্রপ্রধানের হস্তক্ষেপের পর যদি একজন খেলোয়াড় হঠাৎ ছাড় পেয়ে যান, তাহলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ফিফা, তুমি কোন পথে চলছ?’
ব্লাটার বলেন, ‘ফুটবলকে কখনোই রাজনৈতিক ক্ষমতার খেলার মাঠে পরিণত হতে দেওয়া যাবে না।’
২০১৫ সালে দুর্নীতির অভিযোগে ফিফা সভাপতির পদ ছাড়তে বাধ্য হন ব্লাটার। পরে ফিফার নীতিশাস্ত্র কমিটি তাকে ফুটবল-সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করে। বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গত ফেব্রুয়ারিতে জার্মান সংবাদপত্র বিল্ড-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ফিফাকে ‘একনায়কতন্ত্র’ বলেও মন্তব্য করেছিলেন।
পাপ্পু/রিফাত/